মধ্যরাতে দোকানে ঢুকে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা
খুলনা ব্যুরো
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১৮:১২
খুলনার খালিশপুরের নয়াবাটি এলাকায় দোকানে ঢুকে তাঁতী দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল শনিবার দিনগত রাত ১২টার দিকে নগরের খালিশপুর নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন খালিশপুর থানার ওসি মো. তৌহিদুজ্জামান।
নিহত ৩৮ বয়সী সোনা মিয়া ওই এলাকার আব্দুল জব্বার সরদারের ছেলে। তিনি খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ড তাঁতী দলের আহ্বায়ক ছিলেন। ওই এলাকায় দীর্ঘদিন ধরে মুদি ব্যবসা করতেন তিনি। ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল হাই (কালু) এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতের দিকে সোনা মিয়া তার দোকানে অবস্থান করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলাকারীরা তার ডান হাতের বাহুতে অন্তত দুটি আঘাত করে। জীবন বাঁচাতে সোনা মিয়া দোকান থেকে বের হয়ে দৌড়ে পাশের একটি গুদামে আশ্রয় নেন। সেখানে কিছুক্ষণ পরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারী ব্যক্তিরা দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয় লোকজন সোনা মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোনা মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান বলেন, নিহত সোনা মিয়ার ডান হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার সুদর্শন কুমার রায় বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ শুরু করছে।
বাংলাদেশের খবর/এইচআর

