Logo

সারাদেশ

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১০:০৯

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭

ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে দিনাজপুর থেকে নোয়াখালীগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের সাত আরোহী নিহত হন। আহত হন পাঁচজন।

সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত পৌনে তিনটার দিকে হাসানপুর তাসফিন পাম্পের উল্টো দিকে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা সবাই ধান কাটার শ্রমিক। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে দাউদকান্দি হাইওয়ে থানায় রাখা হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের তথ্য অনুসারে, নিহত ব্যক্তিরা হলেন আবজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), আবু সালেক (৪২), সুমন মিয়া (২১), বিষু মিয়া (৩৪), আবু হোসেন (২৯) ও আবদুর রশিদ (৫৮)। তাদের সবার বাড়ি দিনাজপুরে।

আহত ব্যক্তিরা হলেন আমির আলী (৪৫), তরিকুল ইসলাম (৫০), জালাল হোসেন (৩৭), মো. আমিনুল ইসলাম (৩৮), জাহাঙ্গীর আলম (৪০)।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আহত ব্যক্তিদের প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নয়ন দে জানান, আহত পাঁচজনের অবস্থা খুবই আশঙ্কাজনক।

পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্রগ্রামের দিকে যাচ্ছিল চালবোঝাই করা ট্রাকটি। ভোররাত ৩টার দিকে দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকটির ওপর থাকা ১৩ জন চাপা পড়ে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। আহত হন আরও পাঁচজন। 

ওসি ইকবাল বাহার বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। স্বজনরা এলে তাদের কাছ মরদেহ বুঝিয়ে দেওয়া হবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আল আমিন বলেন, চালবোঝাই ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে দাউদকান্দি এলাকায় উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। হতাহতরা সবাই ট্রাকটির উপরে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন