Logo

সারাদেশ

কুষ্টিয়ায় পীর শামিম হত্যা: দুই শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১৭:১৪

কুষ্টিয়ায় পীর শামিম হত্যা: দুই শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

ধর্ম অবমাননার অভিযোগ এনে কুষ্টিয়ার দৌলতপুরে নিজের আস্তানায় পীর আব্দুর রহমান ওরফে শামিমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) রাত ১১টার দিকে নিহত শামিমের ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ সময় আরো দুই ভাই সেখানে উপস্থিত ছিলেন বলে ওই থানার ওসি আরিফুর রহমান জানিয়েছেন।

তিনি বলেন, মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে ফিলিপনগর গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রী রাজীব দফাদারকে।

এর আগে পরিবার মামলা না করার কথা জানিয়েছিল। ঘটনার দুদিন পর সোমবার দুপুরে নিহতের বড় ভাই ফজলুর রহমান বলেন, দেখুন বিদ্যমান বাস্তবতায় আমরা পরিবারের পক্ষ থেকে সবাই বসে সিদ্ধান্ত নিয়েছি, শামিম হত্যার ঘটনায় কোনো মামলা করব না।

কয়েক ঘণ্টার মধ্যে সিন্ধান্ত পরিবর্তনের কারণ জানতে চাইলে ফজলুর রহমান বলেন, আমরা পারিবারিকভাবে মামলা না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু রাতে পুলিশ এসে থানায় নিয়ে গিয়ে আমাদের দিয়ে মামলা করিয়েছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে শনিবার দুপুরে ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগরে ‘শামিম বাবার দরবার শরিফ’ নামে পরিচিত আস্তানায় শত শত লোক হামলা ও ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় পিটিয়ে ও কুপিয়ে শামিমকে হত্যা করা হয়। হামলায় আরো তিন ভক্ত মহন আলী, জামিরুন ও জুবায়ের গুরুতর আহত হন। তারা চিকিৎসাধীন।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। রবিবার দুপুরে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে বাদ আছর তাকে স্থানীয় দক্ষিণ-পশ্চিম ফিলপনগর কবরস্থানে দাফন করা হয়।

সোমবারও সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।

মঙ্গলবার সকাল পর্যন্ত মামলার আসামিদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি ওসি আরিফুর রহমান জানিয়েছেন।

তিনি বলেন, আসামিদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন