Logo

সারাদেশ

চান্দিনায় মাদকের টাকা না পেয়ে নিজ ঘরে অগ্নিসংযোগ

Icon

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ২০:৫২

চান্দিনায় মাদকের টাকা না পেয়ে নিজ ঘরে অগ্নিসংযোগ

কুমিল্লার চান্দিনায় পরিবারের কাছে মাদকের টাকা না পেয়ে নিজ বসত ঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠে এনামূল হাসান (২৬) নামে মাদকাসক্ত এক যুবকের বিরুদ্ধে। গত রোববার রাত ৮টায় উপজেলার দোল্লাই নোয়াবপুর ইউনিয়নের কেগলা গ্রামে এ ঘটনা ঘটে। টানা দুই ঘন্টা জ্বলতে থাকা আগুনে পুড়ে গেছে ওই পরিবারের বসত ঘর, আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালঙ্কার। এতে অন্তত ৮লাখ টাকার ক্ষতি হয় বলে দাবি করে পরিবারটি।

স্থানীয় ও নিকটাত্মীয়রা জানান, কেগলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম ডাক্তার এর বড় ছেলে এনামূল হাসান দীর্ঘদিন যাবৎ মাদকাসক্ত। প্রায়ই মাদকের টাকার জন্য পরিবারকে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করতো। রোববার সকাল থকে টাকার জন্য চাপ প্রয়োগ করে। পরিবার তাকে টাকা না দেয়ায় ক্ষুব্ধ হয়ে এনামূল হাসান নিজ ঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। মুহুর্তেই ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। প্রায় দুই ঘন্টার আগুন স্থানীয়দের সহায়তায় নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পুড়ে যায় পুরো বসত ঘরটি।

এনামুলের বড় বোন হাবিবা জানান, গত চার মাস এনামূলের অত্যাচার কয়েক গুন বেড়েছে। ওই রাতে এনামুল একটি সিএনজি অটোরিক্সা যোগে বাড়িতে এসে পেট্রোলের বোতল হাতে নিয়ে বসত ঘরে ঢুকে এবং অগ্নিসংযোগ করে আবারও সেই সিএনজি অটোরিক্সায় করে পালিয়ে যায়। বর্তমানে আমার মা সহ আমরা জীবন ঝুঁকিতে আছি।

দোল্লাই নোয়াবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান মিয়া জানান, ঘটনাটি সত্য। গত ৬ মাস আগেও আমরা তার একটি শালিস দরবার করেছি। এনামূল হাসান মাদকের জন্যই এঘটনা ঘটায়। প্রশাসন দ্রুত মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

এ ব্যাপারে অভিযুক্ত এনামুল হাসানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি অগ্নিসংযোগ করিনি। তবে ওই স্থানে আমি পাকা ভবন করবো। টিনের ঘরটি ভাঙ্গার জন্য মিস্ত্রির সাথে যোগাযোগ করেছিলাম কিন্তু মিস্ত্রি যে টাকা চায় তাতে ঘরের দামও এতো হবে না

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, মাদকাসক্ত ছেলে নিজ ঘরে অগ্নিসংযোগের ঘটনার কথাটি আমরা শুনেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদকের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এ ধরনের সমস্যা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন