Logo

সারাদেশ

নওগাঁয় নিজ বাড়িতে একই পরিবারের চার জনকে হত্যা

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৬

নওগাঁয় নিজ বাড়িতে একই পরিবারের চার জনকে হত্যা

ছবি: সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুরে নিজ বাড়ি থেকে এক দম্পতি ও তাদের দুই ছেলেমেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার বাহাদুরপুর গ্রামের একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তিরা হলেন, বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। 

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান তাদের নাম–পরিচয় নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। মান্দার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করে সোমবার রাত ৮টার দিকে বাড়িতে আসেন। তার কাছে গরু বিক্রির দুই লাখ ৮০ হাজার টাকা ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা টাকা লুটের জন্য তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করেছে। এ ছাড়া বাড়িতে থাকা স্বর্ণালঙ্কারও লুট করে নিয়ে গেছে।

ওসি হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতি করার উদ্দেশে দুর্বৃত্তরা ওই বাড়িতে প্রবেশ করেছিল। পরিচয় প্রকাশ হওয়ার আশঙ্কায় ওই বাড়ির কর্তাসহ পরিবারের অন্য সদস্যদের হত্যা করা হয়।

নিহত পপির বাবা মোয়াজ্জেম হোসেন বলেন, আমার মেয়ে, জামাই, নাতি-নাতনিকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই। 

নিহত হাবিবুর রহমানের বাবা নমির হোসেন জানান, প্রতিদিনের মতো ভোরে ঘুম থেকে উঠে তিনি ছেলের ঘরের দরজার সামনে প্রচুর রক্ত জমাট বেঁধে থাকতে দেখেন। বিষয়টি অস্বাভাবিক মনে হওয়ায় তিনি আতঙ্কিত হয়ে ঘরের ভেতরে প্রবেশ করেন এবং সেখানে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন