Logo

সারাদেশ

টেকনাফে পাহাড়ে মিলল তিন যুবকের মরদেহ

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১৬:৪১

টেকনাফে পাহাড়ে মিলল তিন যুবকের মরদেহ

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে তিন যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার একটি দুর্গম পাহাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের বিষয় নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। নিহতরা হলেন- একই এলাকার রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম রবি (১৯), মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (৩৮) এবং মৃত নুরুল ইসলামের ছেলে নুর বশর (২০)।

পুলিশ জানায়, সকালে স্থানীয় শ্রমিকরা পাহাড়ের পূর্ব পাশে কাজ করতে গিয়ে তিনটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে বিষয়টি পুলিশকে জানায়।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, পাহাড়ি এলাকা থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও মাথায় জখমের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপহরণ ও মানব পাচার–সংশ্লিষ্ট বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

নিহত রবির বাবা রুহুল আমিন বলেন, ‘রাতে মুজিব (নিহত মুজিবুর রহমান) আমার ছেলেকে ডেকে নিয়ে যায়। সকালে পাহাড়ে লাশ পড়ে থাকার খবর পেয়ে গিয়ে ছেলেকে রক্তাক্ত অবস্থায় পাই। কী কারণে এমন হয়েছে, বুঝতে পারছি না।’

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন