Logo

সারাদেশ

নওগাঁয় ঘরে ঢুকে দম্পতি ও দুই শিশুকে গলাকেটে হত্যা

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ২১:০৫

নওগাঁয় ঘরে ঢুকে দম্পতি ও  দুই শিশুকে গলাকেটে হত্যা

নওগাঁর নিয়ামতপুরে এক বাড়িতে ঢুকে একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে গলা কেটে ও মাথায় আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাঁদের দুই শিশু সন্তান রয়েছে। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে বাড়ির আঙিনায় ও ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় মরদেহগুলো পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। নিহতরা হলেন— ওই এলাকার বাসিন্দা হাবিবুর রহমান, তাঁর স্ত্রী পপি এবং তাঁদের দুই সন্তান পারভেজ ও সাদিয়া।

ঘটনার খবর পেয়ে সকালে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ ডিবি, সিআইডি ও পিবিআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ চারজনকে আটক করেছে। আটককৃতরা হলেন— নিহতের ভাগ্নে সবুজ, তাঁর বাবা নমির মন্ডল এবং সবুজের দুই বোন।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কাউকেও মাথায় আঘাত করে, আবার কাউকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে।”

এলাকাবাসী সূত্রে জানা গেছে, অত্যন্ত ঠান্ডা মাথায় এই হত্যাকাণ্ড চালানো হয়েছে। নিহতের এক স্বজন বলেন, “সকালে এসে দেখি সবার লাশ পড়ে আছে। এমন নৃশংস ঘটনা কল্পনাও করা যায় না। আমরা দ্রুত খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এই ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক ও শোকাবহ পরিবেশ বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিকে/মান্নান
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন