Logo

সারাদেশ

রাউজানে গুলিতে আহত যুবদলকর্মী নাসিরের মৃত্যু

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৮

রাউজানে গুলিতে আহত যুবদলকর্মী নাসিরের মৃত্যু

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে অস্ত্রধারী দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে আহত যুবদলকর্মী নাসির উদ্দিনের (৪৫) মৃত্যু হয়েছে। 

রবিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে এদিন রাত ১০টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ইশানভট্টের হাট শমসের পাড়া এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন নাসির উদ্দিন। তিনি কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শামসের নগর গ্রামের দুদু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত ১০টার দিকে ইশানভট্টের হাট এলাকায় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত নাসিরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে স্থানীয় লোকজন জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়। নাসিরকে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান বাসিন্দারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে একাধিক গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে। নাসিরের শরীরে একাধিক স্থানে গুলি লেগেছে। দলীয় সূত্র জানিয়েছে, নাসির যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে পুলিশের দাবি, নাসিরের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, এলাকায় মাটিকাটা, পাহাড় কাটা ও চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয় নিয়ে নাছির উদ্দিনের সঙ্গে জানে আলম ওরফে ডাকাত আলম নামের এক ব্যক্তির দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনার পেছনে সেই বিরোধের জের থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান বলেন, ‘গুলিবিদ্ধ নাসির যুবদলের কর্মী। তাকে সন্ত্রাসীরা নির্মমভাবে গুলি করেছে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। আমরা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং রাউজানে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে উদ্যোগ নেওয়ার দাবি জানাই।’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, হাসপাতালে নেওয়ার পর নাসিরের মৃত্যু হয়েছে। তার ওপর কারা গুলি ছুড়েছে তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

ওসি আরও বলেন, ‘নাসিরের বিরুদ্ধেও অপরাধমূলক অনেক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।’

রাউজানে প্রায়ই গুলি ছোড়ার ঘটনা ঘটে চলছে। হতাহতদের বেশির ভাগই বিএনপির রাজনীতিতে যুক্ত। এর আগে গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিক উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলিখিল গ্রামে কাউসারুজ্জামান (৩৬) নামের প্রবাসফেরত এক বিএনপি-সমর্থককে পেছন থেকে গুলি করে হত্যা করা হয়।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন