দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২৬, ২১:২৫
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে সুমন মিয়া (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত শনিবার (০৯মে) দেশটির স্থানীয় সময় সকাল আনুমানিক ৯ টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত সুমন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের মইজউদ্দিনের ছেলে।
নিহতের বড় ভাই জালাল মিয়া জানান, সুমন দীর্ঘ ১৫ বছর ধরে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের উমতাতা ও লিবেড সংলগ্ন এলাকায় ব্যবসা করে আসছিলেন। ঘটনার দিন সকালে তিনি পার্শ্ববর্তী ক্যাসেল শহর থেকে দোকানের জন্য মালামাল ক্রয় করে নিজ ব্যবসাস্থলে ফিরছিলেন। পথে উমতাতা-লিবেড মহাসড়কের মালেক নামক নির্জন এলাকায় একদল সশস্ত্র কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী তার গতিরোধ করে। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার কাছে থাকা মোবাইল ফোন, টাকাসহ সব মালামাল লুটে নেয় সন্ত্রাসীরা।
খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ফরেনসিক প্যাথলজি সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেন।
সুমনের পরিবার বাংলাদেশ সরকারের কাছে দ্রুত তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। বিদেশে প্রবাসীদের ওপর এমন ক্রমাগত হামলার ঘটনায় দক্ষিণ আফ্রিকায় বসবাসরত অন্যান্য বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যেও চরম আতঙ্ক বিরাজ করছে।

