Logo

সারাদেশ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১৫:১৯

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। 

রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা সদর উপজেলার শংকরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ী এলাকার জাহাঙ্গীর মোল্লা (৬৫), তাঁর স্ত্রী মাজেদা আক্তার (৫৫), জাহাঙ্গীর মোল্লার ভাই আলমগীর মোল্লা (৬০) ও তাঁর স্ত্রী খুশিদা বেগম (৫০)। এ ছাড়া নিহত হয়েছেন অ্যাম্বুলেন্সের চালক একই এলাকার কাওছার হোসেন (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিআরটিসির বাসটি ফরিদপুর থেকে ঢাকায় যাচ্ছিল। অন্যদিকে অ্যাম্বুলেন্সটি মাদারীপুর থেকে ফরিদপুরে আসছিল। সকাল সাড়ে ১০টার দিকে শংকরপাশা এলাকায় পৌঁছালে বাসটির সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এ ঘটনায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। 

পরে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে চালকসহ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। তবে বাসটির বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

দুপুর সোয়া ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছান নিহত জাহাঙ্গীর মোল্লার পরিবারের সদস্যরা। এ সময় জাহাঙ্গীর মোল্লার ভাগনি জাফরিন আক্তার বলেন, ‘আমার মেজ মামা আলমগীর মোল্লা কিছুদিন আগে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। তাকে আজ ফরিদপুরে ডাক্তার দেখানোর জন্য সকাল ৯টার দিকে অ্যাম্বুলেন্স ভাড়া করে রওনা হন সবাই। আমার মামার আর চিকিৎসা করানো হলো না। একই সঙ্গে আমার দুই মামা ও মামিকে আল্লাহ নিয়ে গেল।’

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়। অ্যাম্বুলেন্সের চার যাত্রী ও চালক ঘটনাস্থলেই মারা গেছেন। লাশগুলো উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন