Logo

সারাদেশ

সরিয়ে নেওয়া হয়েছে খানজাহান আলী মাজারের দিঘির কুমিরটি

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১৬:২২

সরিয়ে নেওয়া হয়েছে খানজাহান আলী মাজারের দিঘির কুমিরটি

ছবি: সংগৃহীত

বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (রহ.)–এর মাজার সংলগ্ন দিঘিতে থাকা একমাত্র কুমিরটি সরিয়ে নেওয়া হয়েছে। তিন দিন আগে কুমিরটির আক্রমণে এক শিশুর মৃত্যু পর মঙ্গলবার (২ জুন) রাতে প্রশাসনের পক্ষ থেকে জননিরাপত্তার স্বার্থে প্রাণীটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

আজ বুধবার (৩ জুন) সকাল থেকে বন বিভাগসহ প্রশাসনের লোকজন মাজার এলাকায় উপস্থিত হন। সকাল সাড়ে ১০টার দিকে দিঘির পূর্ব পাড়ে কুমিরটির দেখা মেলে। পরে এটিকে ধরার কার্যক্রম শুরু হয়। দুপুর ১২টার দিকে খাবার দিয়ে কুমিরকে বেঁধে ফেলা হয়। এরপর এটিকে দিঘি থেকে তুলে গাড়িতে করে খুলনার পথে রওনা করে বন বিভাগ।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন বলেন, জননিরাপত্তার স্বার্থে মাজারের দিঘির কুমিরটি অপসারণের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী খুলনার বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসনকেন্দ্রে নেওয়া হচ্ছে প্রাণীটিকে। কুমিরের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা পরে জানানো হবে।

গত এপ্রিলে দিঘির কুমিরটি একটি কুকুরকে টেনে নিয়ে যায়, সেই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত হয়েছিল। সেই সময়ই লোকালয়ের একটি দিঘিতে এমনভাবে কুমির রাখা নিয়ে প্রশ্ন উঠে। মাজারের ঐতিহ্যের সঙ্গে কুমির সম্পর্কিত হলেও বর্তমানে এই দিঘিতে টিকে থাকা একমাত্র নারী কুমিরটি খানজাহান আলীর আমলের সেই কুমিরের বংশধর নয় বলে জানা যায়।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন