Logo

সারাদেশ

তারাগঞ্জে পরিবেশ দূষণের দায়ে জরিমানা

Icon

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ২১:১৭

তারাগঞ্জে পরিবেশ দূষণের দায়ে জরিমানা

রংপুরের তারাগঞ্জ উপজেলায় পরিবেশ দূষণের দায়ে একটি টায়ার পুড়িয়ে তেল উৎপাদনকারী কারখানাকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে কারখানার লাইসেন্স নবায়ন না করা পর্যন্ত সকল কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার উপজেলার খিয়ারজুম্মা নামক এলাকায় অবস্থিত এ আর গ্রে অয়েল কোম্পানি’ নামক কারখানায় এই অভিযান পরিচালিত হয়।

আদালত সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা এই অভিযান পরিচালনা করেন। অভিযানে কারখানায় উপস্থিত হয়ে ভয়াবহ পরিবেশ দূষণের হাতেনাতে প্রমাণ পাওয়া যায়।

পরিবেশ বিপন্ন করার অপরাধে কারখানার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মোঃ রাজু আহমেদকে (৪২) এক লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে শাস্তির আদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত রাজু আহমেদ নীলফামারী জেলার সৈয়দপুর অফিসার্স কলোনীর মৃত শামীমের পুত্র।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(গ) এবং ১৫(১) এর ৬ নং ক্রমিক ধারা অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এই ধরণের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে তারাগঞ্জ থানার এ এসআই আশরাফুল ও সঙ্গীও পুলিশ ফোর্স এবং ভূমি অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন