অর্থাভাবে চিকিৎসা বন্ধ প্রবাসী বেল্লালের
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২৬, ২০:৪২
পরিবারের অর্থনীতির চাকা সচল রাখতে আর দেশের রেমিট্যান্স বৃদ্ধির লক্ষে ২০২২ সালে সৌদি আরবে প্রবাস জীবনে পাড়ি জমিয়েছিলেন বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের যুবক বেল্লাল হোসেন সরদার (২৮)। প্রবাস জীবন বেশ ভালই কাটছিলো তার। তবে শারিরিক অসুস্থতার কারনে ২০২৪ সালের এপ্রিলে ফিরে আসতে হয় দেশে। দেশে এসে চিকিৎসার পর জানতে পারেন লিভার টিউমারে আক্রান্ত বেল্লাল। এরপর থেকেই শুরু হয় বেল্লালের জীবন সংগ্রাম।
খোঁজ নিয়ে জানা গেছে, বেল্লালের বাবা মোবারক সরদার দীর্ঘদিন যাবত লিভার সিরোসিসে আক্রান্ত। দুই ভাই এক বোনের মধ্যে বেল্লাল সবার বড়। এতোদিন তার (বেল্লাল) উপার্জনে পরিবারটি চলতো। এরমধ্যে সে অসুস্থ হয়ে পড়ায় বেকায়দায় পড়েছে পরিবারটি।
বেল্লালের মা আলেয়া বেগম বলেন, দেড় বছর আগে লিভার টিউমার ধরা পড়ে বেল্লালের। এরপর বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়েছি। সর্বশেষ ঢাকার আনোয়ার খান মর্ডাণ হাসপাতালের চিকিৎসক সরোয়ার মোর্শেদের অধীনে চিকিৎসাধীণ ছিলো বেল্লাল। আমাদের সহায় সম্বল যা ছিলো তা দিয়ে এতোদিন বাবা-ছেলের চিকিৎসা করিয়েছি। বর্তমানে টাকার অভাবে লিভার রোগে আক্রান্ত বাবা-ছেলের চিকিৎসা বন্ধ। অসুস্থ বাবা-ছেলের চিকিৎসা সহায়তার জন্য তিনি সরকার এবং সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। সহায়তা পাঠানোর জন্য বিকাশ এবং নগদ ০১৮৮৬৯৯৬২৯৬ (পার্সোনাল) বেল্লাল হোসেন। ব্যাংক হিসাব নং- ০৩১২৯০১০২২৭৮৫ সোনালী ব্যাংক গৌরনদী শাখা।

