চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে ৭ লাখ টাকার জাল ও ৮০০ কেজি মাছ জব্দ, আটক ৩
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১৯:৪৭
আটককৃত তিন জেলে
ভোলার চরফ্যাশনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের অবৈধ ট্রলিং জাল, ৮০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ এবং তিন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।
রোববার (১৪ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গত শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে ভোলার চরফ্যাশন থানার সুলতান ব্রিজ সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড-এর চরমানিকা আউটপোস্ট গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ৬টি অবৈধ ট্রলিং জাল, ৮০০ কেজি সামুদ্রিক মাছ এবং তিন জেলেকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল, মাছ এবং আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ মাছ শিকার প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বাংলাদেশেরখবর/আরকে

