- বিমানমন্ত্রী
জনগণ ক্ষুব্ধ হলে পরিস্থিতি সামাল দেবেন কীভাবে
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ২০:১৫
“জনগণ যখন ক্ষুব্ধ হয়ে আপনার অফিস ঘেরাও করবে, তখন পরিস্থিতি সামাল দেবেন কীভাবে?” সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে এমন হুঁশিয়ারি দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
রোববার দুপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিমান মন্ত্রী বলেন, জনগণের টাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা চলে। আমার জনগণ যদি সেবা না পায় আর আপনারা নিশ্চিন্তে বসে কাজ করে যান, তা হবে না। এটি আমরা কেউ মেনে নেব না।
মন্ত্রী বলেন, অনেক কষ্ট ও দীর্ঘ সংগ্রামের পর বিএনপি আজ মানুষের ভালোবাসা ও সমর্থনে ক্ষমতায় এসেছে। আমি জানি, এখানে অনেকেই ভিন্ন মতাদর্শের হতে পারেন। কিন্তু আপনারা সরকারি কর্মকর্তা-কর্মচারী। যে সরকারই ক্ষমতায় আসুক, আপনারা রাষ্ট্রের কর্মচারী হিসেবে সেই সরকারের নীতিমালা বাস্তবায়নে কাজ করবেন।
তিনি আরও বলেন, বিগত সরকার কী করেছে বা আপনাদের কী সুবিধা দিয়েছে, তা বিবেচনা করে যদি বর্তমান সরকারের কাজ বাধাগ্রস্ত করেন, তাহলে জনগণ তা মেনে নেবে না। জনগণ যখন ক্ষুব্ধ হয়ে আপনার অফিস ঘেরাও করবে, তখন পরিস্থিতি সামাল দেবেন কীভাবে? তাই আপনারা নিজেদের মর্যাদা ও সম্মানের জায়গায় থেকে দেশের জন্য কাজ করুন। আমরা চাই, যে কোনো মূল্যে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে।
এ সময় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান,জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা সিভিল সার্জন ডাঃ আইভি ফেরদৌসীসহ জেলার সকল দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
বিকে/মান্নান

