বাগেরহাটে ২৬ মামলার আসামি মাদকসম্রাট মনিরসহ গ্রেপ্তার ৪
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ২০:৪২
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার ১৫ পিস ইয়াবা, নগদ ৭১ হাজার ৯২০ টাকা এবং তিনটি মোবাইল ফোনসহ ২৬ মামলার আসামি মনির শেখ ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার হাসান মোঃ নাছের রিকাপদার এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে ফকিরহাট মডেল থানার বারাশিয়া মধ্যপাড়া এলাকায় মনির শেখের বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানে মনির শেখ (৪৭), মো. সবুজ মিয়া ওরফে সবুজ (৩০), মো. হাফিজুর রহমান মোল্লা ওরফে হাফিজুল (৩৭) এবং তৌহিদুল ইসলাম শেখ তামিমকে (২০) গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের হেফাজত থেকে ৪ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ৭১ হাজার ৯২০ টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তার মনির শেখের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ মোট ২৬টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর রয়েছে এবং একটি মামলা বিচারাধীন রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের দাবি, জেলার বিভিন্ন এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত সাত দিনে মোট ৪০ জন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
বিকে/মান্নান

