Logo

সারাদেশ

বাঞ্ছারামপুরে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ২১:১৮

বাঞ্ছারামপুরে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় স্বর্ণালংকার লুটের  ফুল মেহের (৭৯) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার ভোরে উপজেলার দুলারামপুর গ্রামের বাবর আলী সরকারের বাড়ির উঠান থেকে গলায় প্লাস্টিকের রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ফুল মেহের উপজেলার সোনারামপুর ইউনিয়নের সোনারামপুর গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা। তিনি মৃত আনু মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার থেকে পাঁচ দিন আগে ফুল মেহের তার বাবা মৃত তারু মিয়ার বাড়ি দুলারামপুর গ্রামে বেড়াতে যান। বৃহস্পতিবার ভোরে বাবর আলী সরকারের বাড়ির উঠানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের বড় ছেলে মোস্তফা কামাল অভিযোগ করেন, তার মাকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার সময় তার মায়ের গলায় ও কানে থাকা প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়েছে। তার ধারণা, স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার সময় চিনে ফেলায় দুর্বৃত্তরা তার মাকে হত্যা করেছে।

তিনি আরও জানান, বুধবার দুপুরে প্রতিবেশী মিনা নামে এক নারী তার মাকে খাবারের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরদিন সকালে তার মরদেহ উদ্ধারের খবর পান। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত, গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গলায় রশি পেঁচানো অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।”

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন