সিরাজগঞ্জে নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্য আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ২০:১৬
সিরাজগঞ্জের সলঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলিয়া বাজার ওভারব্রিজের পূর্ব পাশে আব্দুস সাত্তার সরকারের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, পাঁচলিয়ার একটি ভাড়া বাসায় কয়েকজন নারী অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সন্দেহজনকভাবে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সলঙ্গা থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ১১ জন নারীকে আটক করা হয়।আটকরা হলেন— সুফিয়া খাতুন (৪০), খোদেনা আক্তার দিলারা (৩৫), হামিদা আক্তার মিনা (২৪), পারভীন (৩০), আনোয়ারা আক্তার বৃষ্টি, রোজিনা আক্তার সায়দা (৩০), শাহানা আক্তার বিউটি (৩৫), শেফা আক্তার (২১), জুয়ানা আক্তার তামান্না (৩০), রুবা আক্তার ঝুমা (২০) এবং সুবিনা আক্তার লাকী (২০)। তাদের অধিকাংশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল এলাকায়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বলেন, “সলঙ্গা এলাকায় অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। চুরি, ছিনতাই, মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।পুলিশ জানিয়েছে, এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বিকে/মান্নান

