Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় পাউবোর খাল দখল করে বালু ভরাটের অভিযোগ

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ২০:২৯

আলফাডাঙ্গায় পাউবোর খাল দখল  করে বালু ভরাটের অভিযোগ

 ফরিদপুরের আলফাডাঙ্গায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন একটি খাল দখল করে বালু ভরাট করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে। উপজেলার বেলবানা বাজার সংলগ্ন এলাকায় সরকারি জায়গা ভরাটের এই ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে ওই এলাকার আশরাফ আলী মীর নামে এক ব্যবসায়ী পাউবোর খালের জায়গা দখল করে ট্রলিযোগে বালু এনে ভরাট কাজ শুরু করেন। স্থানীয় বাসিন্দা সলেমান মীর ও রিপন শেখ অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় প্রথমে বালু-মাটি ফেলে খালের জায়গা ভরাট করেন এবং পরবর্তীতে দোকানঘর তুলে তা নিজের দখলে নেন। ইতিপূর্বেও তিনি এভাবে অন্তত পাঁচটি দোকানঘর নির্মাণ করেছেন। সরকারি এই সম্পত্তি উদ্ধারে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযুক্ত আশরাফ আলী মীর খাল ভরাটের বিষয়টি স্বীকার করলেও দাবি করেন, পারিবারিক কবরস্থানে যাতায়াতের সুবিধার জন্য তিনি এই রাস্তাটি নির্মাণ করছেন। তবে সরকারি খালে বালু ভরাটের কোনো বৈধ অনুমতি তার কাছে আছে কি না, সে বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) মো. মজিবর রহমান জানান, বিষয়টি আপনাদের মাধ্যমেই প্রথম জানতে পারলাম। দ্রুত ঘটনাস্থলে লোক পাঠিয়ে খোঁজ-খবর নেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধভাবে দখল করার কোনো সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে আইনানুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন