Logo

সারাদেশ

নজরুল বিশ্ববিদ্যালয়ের বাজেট ৭৫ কোটি

Icon

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ২১:০৬

নজরুল বিশ্ববিদ্যালয়ের বাজেট ৭৫ কোটি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৬–২৭ অর্থবছরের জন্য ৭৫ কোটি ২০ লাখ ৪ হাজার টাকার বাজেট অনুমোদন হয়েছে। বাজেটের সবচেয়ে বড় অংশ ব্যয় হবে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতায়। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৪৭ কোটি ৬০ লাখ ৩৪ হাজার টাকা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেতন-ভাতার এ বরাদ্দের মধ্যে শিক্ষকদের বেতনের জন্য ১৪ কোটি ৫০ লাখ টাকা, কর্মকর্তাদের বেতনের জন্য ৭ কোটি ৯৪ লাখ টাকা, কর্মচারীদের বেতনের জন্য ৩ কোটি ৪৬ লাখ টাকা, কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ সুবিধার জন্য ৩০ লাখ টাকা এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ ভাতা বাবদ ১৮ কোটি ৭০ লাখ টাকা রাখা হয়েছে। এ বরাদ্দ থেকেই গত অর্থবছরের শিক্ষকদের প্রায় ৫ কোটি টাকার বকেয়া বেতন পরিশোধ করা হবে।

উপাচার্য জানান, পণ্য ও সেবা ক্রয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৯ কোটি ৩৬ লাখ টাকা। রক্ষণাবেক্ষণ (মেইনটেন্যান্স) খাতে ১ কোটি ৯৮ লাখ টাকা, প্রাথমিক চিকিৎসাসেবার জন্য ১৩ লাখ টাকা এবং বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য ১৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, চলতি অর্থবছরে গবেষণা অনুদান ও পরিবহন খাতে কোনো অর্থ বরাদ্দ রাখা হয়নি। কারণ, গবেষণা খাতের অর্থ বরাদ্দের সিদ্ধান্ত এখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কেন্দ্রীয়ভাবে গ্রহণ করছে। ফলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাজেটে এ খাতে কোনো বরাদ্দ অন্তর্ভুক্ত করা হয়নি।

উপাচার্য আরও বলেন, বাজেটের অবশিষ্ট অর্থ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আয় থেকে সমন্বয় করা হবে। এ আয়ের প্রধান উৎস ভর্তি ফি, রেজিস্ট্রেশন ফি, হল ভাড়া, শিক্ষক-কর্মকর্তাদের কোয়ার্টার ভাড়া, গেস্ট হাউস ভাড়া এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক ফি।

গত ১১ জুন ইউজিসির ১৮৭তম পূর্ণ কমিশন সভায় দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইউজিসির জন্য মোট ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর রাজস্ব ও উন্নয়ন খাতে বরাদ্দ দেওয়া হয় ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা। ওই বরাদ্দের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ২০২৬–২৭ অর্থবছরে ৭৫ কোটি ২০ লাখ ৪ হাজার টাকা পেয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ৫ কোটি ৯১ লাখ টাকা বেশি।

এদিকে, চলতি অর্থবছর থেকে গবেষণা খাতে নতুন কাঠামো গ্রহণ করেছে ইউজিসি। এ ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা বাজেট এবং ইউজিসির গবেষণা বরাদ্দ একীভূত করা হয়েছে। ফলে গবেষণা খাতে কেন্দ্রীয় বরাদ্দ বেড়ে ২২৬ কোটি টাকায় উন্নীত হয়েছে। বৈদেশিক স্কলারশিপ খাতে আরও ১২ কোটি টাকা যুক্ত হওয়ায় এ দুই খাতে মোট বরাদ্দ দাঁড়িয়েছে ২৩৮ কোটি টাকা।


বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন