Logo

সারাদেশ

বন্যার্তদের পাশে মারহামা ওয়েলফেয়ার ফাউন্ডেশন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০২:২৩

বন্যার্তদের পাশে মারহামা ওয়েলফেয়ার ফাউন্ডেশন

কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে জরুরি ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ করেছে মারহামা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সম্প্রতি চকরিয়া থানার কৈয়ারবিল ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড এবং লক্ষ্যারচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার নিবন্ধিত এই স্বেচ্ছাসেবী সংস্থাটি।

বন্যার কারণে চকরিয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে চরম খাদ্য সংকটে পড়েছে। অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। এমন মানবিক বিপর্যয়ে মারহামা ওয়েলফেয়ার ফাউন্ডেশন জরুরি খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে আসে।

সংস্থার পক্ষ থেকে বন্যাদুর্গত পরিবারগুলোর মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ ও লবণ বিতরণ করা হয়। পাশাপাশি তাৎক্ষণিক ক্ষুধা নিবারণের জন্য শুকনো খাবার হিসেবে দেওয়া হয় চিড়া, মুড়ি, চিনি, বিস্কুট ও চানাচুর। এছাড়া চকরিয়ার বন্যাদুর্গত এলাকার ৩০০-রও বেশি মানুষের মাঝে রান্না করা গরম খিচুড়ি বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে মারহামা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানভীর সিরাজ বলেন, কৈয়ারবিল ও লক্ষ্যারচরের যেসব মানুষ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং নিতান্তই গরিব। আমরা তাদের খুঁজে বের করে এই সহায়তা পৌঁছে দিয়েছি। এলাকাগুলোর পরিস্থিতি খুবই শোচনীয়। জীবন বাঁচাতে মানুষ নিজের ঘর ছেড়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

তিনি আরও বলেন, আমরা এমন অনেক বাড়ি দেখেছি, যেগুলোর চাল পর্যন্ত বন্যার পানি ছুঁয়েছে। এই মুহূর্তে বানভাসি মানুষের জন্য জরুরি ভিত্তিতে বড় আকারের সরকারি-বেসরকারি সাহায্য প্রয়োজন।

উপকূলীয় এই অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের মুখে খাবার তুলে দিতে মারহামা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংস্থার কর্মীরা জানান। একই সঙ্গে সংস্থার পক্ষ থেকে চকরিয়ার দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিত্তবান ও মানবিক ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন