Logo

সারাদেশ

বগুড়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ২০:৫৪

বগুড়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে  বিক্ষোভ


শিক্ষামন্ত্রী আ.হ.ন.ম এহসানুল করিমের পদত্যাগের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সড়কে অবস্থান করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার  সকালে মহানগরের আলতাফুন্নেছা খেলার মাঠে একত্রিত হন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্কয়ারের পূর্বপাশের সড়কটি ‘ব্লকেড’ করে দেন। তারা সড়কে অবস্থান নেন। এতে সাতমাথায় যান চলাচল স্থগিত হয়ে পরে।

এরপর শিক্ষার্থীরা দুপুর ১২টা পর্যন্ত সেখানে অবস্থানের পর জেলা প্রশাসকের কার্যালয়ে যান। জেলা প্রশাসনের সাথে স্বাক্ষাত করে শিক্ষার্থীরা তাদের দাবি-দাওয়া জানিয়ে আবারও সাতমাথায় ফিরে এসে সড়কে অবস্থান নিয়েছেন।

এসময়, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, কয়েকদিনের টানাবৃষ্টির মধ্যেও সোমবার (১৩জুলাই) সারাদেশের পরীক্ষা অব্যাহত রাখায় ভোগান্তিতে পড়েন দেশব্যাপী চলমান এইচএসসি পরীক্ষার্থীরা। বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান প্রশ্নপত্রে ভুল নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করেন।

এছাড়াও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভরতদের মাঝে সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ, বিয়াম মডেল স্কুল ও কলেজসহ জেলার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা বলেন, বগুড়াতে বেশিরভাগ পরীক্ষাকেন্দ্রে প্রবেশে জলাবদ্ধতা, হলরুমে বিদ্যুৎ না থাকা, বৃষ্টির  পানি প্রবেশ করায় পরীক্ষা শুরু হওয়ার আগেই তারা মানসিকভাবে পিছিয়ে পড়েন। তাদের তিনটি দাবি নিয়ে তারা সড়কে অস্থান করছেন বলে জানান। তাদের দাবিগুলো হলো— ১. পরীক্ষা স্থগিত ঘোষণা করা, ২. অতিবৃষ্টির মধ্যেও পরীক্ষা নেওয়ায় বগুড়াসহ  সারা দেশের আনুমানিক ১৯ হাজার অনুপস্থিত পরীক্ষার্থীদের পুনঃরায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা এবং ৩. শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

এদিকে  তাদের অবস্থান কর্মসূচিতে পুলিশ বাধা দিচ্ছে বলে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ তোলেন।

পুলিশের পক্ষ থেকে তাদের কোন বাধা দেওয়া হয়নি বলে দাবী করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহিম আলী বলেন, আমি কর্মস্থল পরিদর্শন করে শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে। যেন জনগণের ভোগান্তি  না হয়, সেভাবে সড়কে অবস্থান করতে। তবে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন