কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুইজনকে কুপিয়ে হত্যা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১৬:১১
ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার খোকসা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০) ও একই ইউনিয়নের খানপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ (২৫)।
পুলিশ বলছে, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ছালিম হোসেন ও মিন্টু চৌকিদার গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। তারই জের ধরে এই হামলা ও হত্যার ঘটনা। নিহত দুইজন ছালিম হোসেন গ্রুপের সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে দুই গ্রুপের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রাতে বিরোধের জের ধরে মিন্টু চৌকিদারের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ছালিম হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় ঘটনাস্থলে থাকা ছালিমের অনুসারী ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মন্ডলকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ফারুক ও আব্দুল শেখের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মুল্লুক মণ্ডলকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বাংলাদেশের খবর পত্রিকাকে বলেন, স্থানীয় মিন্টু চৌকিদার ও ছালিম হোসেন গ্রুপের মধ্যে আধিপত্যের দ্বন্দ্ব নিয়ে এই হত্যার ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
বাংলাদেশের খবর/আরইউ

