Logo

সারাদেশ

কিশোরগঞ্জে কালভার্ট বন্ধ করে বিএনপি নেতার মাছ চাষ

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ২০:৪৮

কিশোরগঞ্জে কালভার্ট বন্ধ করে  বিএনপি নেতার মাছ চাষ

কিশোরগঞ্জের বাজিতপুরে সরকারি খালের কালভার্ট বন্ধ করে ফিসারিতে মাছ চাষের অভিযোগ উঠেছে জেলা যুবদলের সহ-সভাপতি মো. এমদাদুল হক কোহিনূরের বিরুদ্ধে। এতে বর্ষার সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় পড়ছেন উপজেলার সরারচর ইউনিয়নের মইতপুর গ্রামের বাসিন্দারা।

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, কোহিনূরের বাড়ির সামনের খালের কালভার্টটি একপাশ থেকে বন্ধ করে সেখানে মাছ চাষ শুরু করেছেন তিনি। কালভার্টের নিচে পানি চলাচলের স্থানে বসানো হয়েছে রডের নেট, যা পানি প্রবাহে সরাসরি বাধা সৃষ্টি করছে। এর পাশাপাশি কালভার্ট-সংলগ্ন সুরক্ষা ব্লক তুলে নিয়ে তা নিজের ফিসারিতে ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে।

স্থানীয়দের ভাষ্য, কালভার্টের একপাশ বন্ধ থাকায় সামান্য বৃষ্টিতেই আশপাশের বাড়িঘরে পানি জমে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এতে গ্রামের রাস্তাঘাট কাদায় একাকার হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে চলা এই সমস্যায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী, বিশেষ করে শিক্ষার্থী ও দৈনন্দিন কাজে চলাচলকারীরা।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিন অভিযোগ করে বলেন, গত ৫ আগস্টের পর ক্ষমতার প্রভাব খাটিয়ে কোহিনূর খালের একপাশে পুকুর করে মাছ চাষ শুরু করেন। এতে এলাকার পানি খালে নামতে না পারায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে কয়েক হাজার মানুষকে কাদা মাড়িয়ে চলাচল করতে হচ্ছে।

আরেক বাসিন্দা নাহিদুর রহমান খান বলেন, মইতপুর গ্রামের অন্তত ত্রিশটি পরিবারের বাড়ির পানি এই খাল দিয়ে প্রবাহিত হয়। কিন্তু কোহিনূর সিএস রেকর্ডভুক্ত এই খালে পুকুর করে কালভার্টের নিচে লোহার নেট দিয়ে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত করেছেন। এছাড়া রাস্তার পাশের সিসি ব্লক তুলে ফিসারিতে ব্যবহার করায় যেকোনো সময় রাস্তার পাশের মাটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মো. কোহিনূর বলেন, “সিএস সূত্র অনুযায়ী এই জমির মালিক আমরাই। মাঝখানে সরকারের নামে রেকর্ড হয়েছে। তবে সরকারের যখন প্রয়োজন হবে তখন আমি জমি ছেড়ে দিতে বাধ্য থাকব। আর খাল ভরাটের যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। খাল মূলত রাস্তার ওই পাশ পর্যন্তই সীমাবদ্ধ। এই ফিসারির কারণে জলাবদ্ধতা হয়েছে এমন কোনো চিহ্নই গ্রামে খুঁজে পাবেন না।”

এ বিষয়ে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

wedবিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন