মান্দায় প্রসাদপুর খেয়াঘাটে সেতু নির্মাণে অনুমোদন
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ২১:০২
নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর খেয়াঘাটে দীর্ঘদিনের প্রত্যাশিত একটি সেতু নির্মাণের অনুমোদন মিলেছে। এই খবরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর প্রত্যাশা, সেতুটি নির্মিত হলে দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগের অবসান ঘটবে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে।
স্থানীয় সূত্রে জানা যায়, বছরের পর বছর ধরে প্রসাদপুর খেয়াঘাট এলাকায় নদী পারাপারের একমাত্র মাধ্যম খেয়ানৌকা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই পথ দিয়ে চলাচল করেন শিক্ষার্থী, কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীসহ হাজারো মানুষ। বর্ষা মৌসুমে নদীর স্রোত বেড়ে গেলে এই দুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করে, কখনো কখনো নৌকা চলাচলই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে এলাকাবাসী সেতু নির্মাণের দাবি জানিয়ে এলেও তা বাস্তবায়িত হয়নি। সম্প্রতি সেতু নির্মাণের অনুমোদনের খবরে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে বলে মনে করছেন তারা।
স্থানীয়দের ভাষ্যমতে, সেতুটি নির্মিত হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে, জরুরি রোগী দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হবে এবং শিক্ষার্থীরা নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে। মোটরসাইকেল নিয়ে ডিঙি নৌকায় পারাপারকারীরা জানান, সামান্য ভারসাম্যহীনতাতেও দুর্ঘটনার আশঙ্কা থাকে, বিশেষ করে বর্ষা মৌসুমে ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। স্থানীয় শিক্ষার্থীরাও জানায়, নৌকায় নদী পার হয়ে স্কুলে যেতে তাদের ভয় লাগে এবং প্রায়ই সময়মতো বিদ্যালয়ে পৌঁছানো সম্ভব হয় না, যার প্রভাব পড়ে তাদের পড়াশোনায়।
এ বিষয়ে প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, সেতু নির্মাণ ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। দীর্ঘ প্রতীক্ষার পর অনুমোদন পাওয়ায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত নির্মাণকাজ শুরুর আশা ব্যক্ত করেন।
প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী জানান, দ্রুততম সময়ের মধ্যে নির্মাণকাজ শুরুর প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে।
সেতুর দৈর্ঘ্য ও নির্মাণ ব্যয় সম্পর্কে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুল কাদের জানান, প্রায় ১৯০ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণে ব্যয় হবে প্রায় ৫০ কোটি টাকা। সেতুটি নির্মিত হলে তা মান্দা উপজেলার অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প হিসেবে বিবেচিত হবে বলে জানান তিনি।
নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, সেতুটি নির্মিত হলে মান্দার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং এলাকার সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয়দের একটাই প্রত্যাশা—দ্রুত নির্মাণকাজ শুরু হয়ে নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হোক দীর্ঘ প্রতীক্ষিত এই প্রকল্প, যাতে প্রসাদপুর খেয়াঘাট এলাকার মানুষ নদী পারাপারের দুশ্চিন্তা থেকে চিরতরে মুক্তি পান।
বিকে/মান্নান

