Logo

সারাদেশ

নওগাঁয় চালের দাম বেশি কৃষক পাচ্ছেন না ন্যায্যমূল্য

Icon

নওগঁ প্রতিনিধিা

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ২০:২১

নওগাঁয় চালের দাম বেশি  কৃষক পাচ্ছেন না ন্যায্যমূল্য


দেশের অন্যতম ধান উৎপাদনকারী জেলা নওগাঁয় ধানের সরবরাহ স্বাভাবিকের তুলনায় বেশি থাকলেও কৃষক ন্যায্যমূল্য পাচ্ছেন না। অথচ বাজারে চালের দাম কমার কোনো লক্ষণ নেই। এতে একদিকে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে ভোক্তাদেরও গুনতে হচ্ছে বাড়তি দাম।

জেলার বিভিন্ন হাটে সাধারণ জাতের ধান প্রতি মণ ১ হাজার ৫০ থেকে ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। অনেক কৃষক প্রতি কেজি ধান ২৮ থেকে ৩৫ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন, যা সরকারি সংগ্রহমূল্যের চেয়েও কম। অন্যদিকে বাজারে মোটা চাল ৫৮-৬০ টাকা, মাঝারি চাল ৬৫-৭০ টাকা এবং সরু চাল ৭৫-৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবচেয়ে বেশি অস্থিরতা দেখা গেছে সুগন্ধি চিনিগুঁড়া চালের বাজারে। এক মাসের ব্যবধানে এ চালের দাম কেজিতে ৪৫ টাকা পর্যন্ত বেড়ে বর্তমানে ১৮০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। করপোরেট প্রতিষ্ঠানের প্যাকেটজাত চিনিগুঁড়া চালের দাম ২০০-২৩০ টাকা পর্যন্ত পৌঁছেছে।

কৃষকদের অভিযোগ, উৎপাদন খরচ বাড়লেও ধানের দাম কম থাকায় তারা লোকসান গুনছেন। অন্যদিকে ভোক্তাদের অভিযোগ, ধানের দাম কমলেও চালের দাম না কমায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।

নওগাঁ জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, চিনিগুঁড়া চালের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি স্বাভাবিক নয়, বিষয়টি খতিয়ে দেখা দরকার। জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার জানান, সীমিত উৎপাদন ও রপ্তানির সুযোগ বৃদ্ধির কারণে কিছুটা প্রভাব পড়তে পারে। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ বলেন, করপোরেট প্রতিষ্ঠানের মূল্য নির্ধারণের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত, বাজারে নিয়মিত তদারকি এবং অযৌক্তিক মজুত ও মূল্য কারসাজি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।


বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন