বাউফলে খাল পরিষ্কার অভিযান স্বস্তিতে চার গ্রামের কৃষক
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ২০:৪৫
পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নে জলাবদ্ধতা নিরসন, পানি চলাচল স্বাভাবিক রাখা এবং কৃষিজমি চাষাবাদের উপযোগী করতে খাল পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সমাজসেবক ইব্রাহীম হাওলাদারের উদ্যোগে এ খাল পরিষ্কার কার্যক্রম শুরু হয়। এতে স্থানীয় স্বেচ্ছাসেবক ও এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তারা খাল থেকে জমে থাকা আগাছা, ময়লা-আবর্জনা ও পলি অপসারণ করেন।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন খালটি অপরিষ্কার থাকায় অতিবৃষ্টির পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছিল। ফলে ৪ নম্বর ওয়ার্ডের কলতা ও ঝিলনা গ্রাম এবং ৫ নম্বর ওয়ার্ডের হোগলা ও কুম্ভখালী গ্রামের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে কৃষকদের বীজতলা নষ্ট হয়ে যায় এবং তারা জমিতে চাষাবাদ করতে পারছিলেন না।
স্থানীয় কৃষক সবুজ মল্লিক বলেছেন, আমরা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার মধ্যে আছি। এ কারণে বীজতলা করা সম্ভব হচ্ছিল না। অনেক কষ্ট ও ভোগান্তির মধ্যে দিন কাটাতে হচ্ছে। আমরা স্থানীয়রা বিষয়টি ইব্রাহীম ভাইকে জানাই। তিনি দ্রুত খালটি পরিষ্কারের উদ্যোগ নেন। এতে আমরা কৃষকরা অনেক খুশি।
উদ্যোক্তা সমাজসেবক ইব্রাহীম হাওলাদার বলেছেন, কৃষকদের দুর্ভোগ লাঘব এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। খালটি পরিষ্কার হলে জলাবদ্ধতা কমবে, কৃষিজমিতে সহজে পানি নামবে এবং কৃষকরা পুনরায় চাষাবাদ করতে পারবেন।
এলাকাবাসী জানিয়েছেন, খালটি পরিষ্কার হওয়ায় চার গ্রামের কৃষক সরাসরি উপকৃত হবেন। তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
বিকে/মান্নান

