Logo

সারাদেশ

মাদারীপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে ছাত্রদলের স্মারকলিপি

Icon

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ২১:০৯

মাদারীপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে   ছাত্রদলের স্মারকলিপি

মাদারীপুরের আড়িয়াল খাঁ নদে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও নদী রক্ষার দাবিতে জেলা প্রশাসক মর্জিনা আক্তারের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা ছাত্রদল। আজ রোববার  জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি দেওয়া হয়। এ সময় স্মারকলিপি প্রদানকারী ছাত্রদলের অর্ধশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, নিয়মিত অভিযান পরিচালনা এবং নদী রক্ষায় প্রশাসনিক তদারকি জোরদারের দাবি জানানো হয়। ছাত্রদল নেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আড়িয়াল খাঁ নদে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীভাঙনের ঝুঁকি বাড়ছে। হুমকির মুখে পড়ছে নদীতীরবর্তী বসতবাড়ি ও কৃষিজমি।

স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, “অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসন কার্যকর ভূমিকা রাখবে।” নদী ও পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, “অবৈধ বালু উত্তোলন বন্ধে পুলিশ প্রশাসনিকভাবে প্রয়োজনীয় ভূমিকা পালন করবে।” একই সঙ্গে এ বিষয়ে কোনো রাজনৈতিক ব্যক্তির জন্য সুপারিশ না করার বিষয়টি ছাত্রদল নেতাদের স্মরণ করিয়ে দেন তিনি।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, “অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং নদীভাঙনের ঝুঁকি বাড়ছে। নদী রক্ষায় প্রশাসনকে কার্যকর ও ধারাবাহিক পদক্ষেপ নিতে হবে।”

এর আগে ‘নদী বাঁচাও, মাদারীপুর বাঁচাও’ স্লোগানে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করে জেলা ছাত্রদল।


বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন