Logo

সারাদেশ

চাটমোহরে ডিকশি বিল এখন শাপলার সৌন্দর্য

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ২০:৩১

চাটমোহরে ডিকশি বিল এখন শাপলার  সৌন্দর্য


পাবনার চাটমোহর উপজেলার ডিকশি বিলে এখন শাপলার সৌন্দর্য। বিলের বিস্তীর্ণ এলাকা জুড়ে ফুটেছে সারি সারি শাপলা। দূর থেকে দেখলে মনে হয় সবুজের বুক জুড়ে ছড়িয়ে আছে গোলাপী রঙের বিশাল চাদর। বিশাল বিলজুড়ে শুধু শাপলা আর শাপলা। সকালের আলো ফোটার পর থেকেই রঙ বদলাতে থাকে শাপলা। বিলের পানিতে ছড়িয়ে থাকা শাপলা আর সবুজ পাতা সৌন্দর্যপ্রেমিদের সহজেই আকৃষ্ট করে। বিলে তাকালেই চোখ জুড়িয়ে যায়। চাটমোহর উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের এই বিলে প্রতিদিন ¯’ানীয়দের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা আসছেন শাপলার সৌন্দর্য দেখতে।

প্রকৃতির কাছাকাছি এসে পুলকিত হচ্ছেন অনেকেই। অনেকেই নৌকায় ঘুরছেন বিলে, ছবি তুলছেন, সেলফি উঠছেন প্রিয়জনের সাথে। নীল আকাশ কিংবা মেঘের সাথে মিতালী বিলের পানির। সারি সারি শাপলা, বিস্তীর্ণ জলাভূমি আর আকাশ যেন একে অপরকে আলিঙ্গন করছে। প্রকৃতির এই দৃশ্য সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। বিলের মাঝ দিয়ে চলে যাওয়া সড়ক আর মাঝে মাঝে সেতু যেন দর্শনার্থদের জন্য বাড়তি পাওয়া।

বিলপাড়ে গিয়ে দেখা গেল বিলে অসংখ্য শাপলা ফুটেছে।

আশপাশের গ্রামের শিশুরা শাপলা ফুল তুলতে ব্যস্ত। অনেকেই নৌকায় গিয়ে শাপলা ফুল তুলে আনছেন। দর্শনার্থীরা নৌকা নিয়ে বিলে যাচ্ছেন। বিলপাড়ের পার্শ্বডাঙ্গা গ্রামের বাসিন্দা শামীম আহমেদ জানালেন, বিলে প্রচুর শাপলা ফুটেছে। এলাকার মানুষ শাপলা তুলে বিক্রিও করছেন। তবে বিলে বিছানো হয়ে অসংখ্য ছায়না দুয়ারি জাল। যেটা শাপলাসহ জীববৈচিত্র্যকে বিনষ্ট করছেন।


স্থানীয় অলিপুর গ্রামের নায়েব আলী সরকার জানান, প্রশাসনের পদক্ষেপ নেওয়া দরকার। প্রতিদিনই লোকজন আসে বিল ভ্রমণে, কেউ ছবি তোলে, কেউ নৌকায় ঘুরে বেড়ায়। অনেকে শাপলা ফুল তুলে নিয়ে যায়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এসএম মিজানুর রহমান জানান, শুধু ডিকশি বিলের জীববৈচিত্র্যই নয়, গোটা চলনবিলকে বাঁচাতে আমাদের গণসচেতনতা তৈরি করতে হবে। বর্ষায় ডিকশি বিলের সৌন্দর্য বেড়ে যায় বহুগুণ। এ বিলের শাপলা ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ সংরকক্ষণ করা দরকার।

চলনবিল রক্ষায় আমরা’র সমন্বয়কারী জাহাঙ্গীর আলম মধু বলেন, ডিকশি বিলের অপরুপ দৃশ্য সবাইকে মুগ্ধ করে। বিলের শাপলাসহ জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। চায়না দুয়ারি জাল ব্যবহার বন্ধ করতে হবে। চাটমোহর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন জানান, ইতোমধ্যে ডিকশি বিলে অভিযান চালিয়ে চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। বিলের মৎস্য সম্পদ ও জীব বৈচিত্র্য রক্ষায় আমরা কাজ করছি।


বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন