চট্টগ্রামে শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৩ শ্রমিকের মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১২:৪০
প্রতীকী ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় অন্তত তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে ইয়ার্ডে একটি জাহাজে হাউজ কিপিংয়ের কাজ করার সময় এ ঘটনা ঘটে।
জাহাজটির একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমনের ঘটনা দেখতে পেয়ে শ্রমিকরা এগিয়ে যান। তাদের কয়েকজন অজ্ঞান হয়ে পড়লে পাঠানো হয় হাসপাতালে।
ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ জানান, ইয়ার্ডের সেফটি টিম প্রথমে একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমনের বিষয়টি দেখতে পায়। পরে সেফটি টিমের কয়েকজন সদস্য গ্যাস লিকের বিষয়টি পরীক্ষা করতে গেলে কয়েকজন শ্রমিক আহত হন।
তিনি বলেন, এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি, তিনজন শ্রমিক মারা গেছেন।
তবে আহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন ফেরদৌস ওয়াহিদ।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ মাহবুবুল হাসান বলেন, জাহাজে বিষাক্ত গ্যাস নিগর্মনে ১০ জন শ্রমিক আহত হওয়ার খবর পেয়েছি। সকালে এ ঘটনা ঘটে।
তিনি বলেন, কীভাবে এ ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানতে পারিনি। গ্যাস নির্গমনের কারণ এবং ইয়ার্ডে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না তা পরিদর্শনের পর জানাতে পারব।
ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশনের স্টেশন অফিসার আল মামুন বলেন, ফেরদৌস স্টিল শিপ ইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। আমরা শিপ ইয়ার্ডের ভেতরে। উদ্ধার কাজ চলছে। এখনই বিস্তারিত জানাতে পারছি না।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, ফেরদৌস স্টিল শিপ ইয়ার্ডে একটি দুর্ঘটনার খবর পেয়েছি। আমরা সেখানে যাচ্ছি।
বাংলাদেশের খবর/আরইউ

