Logo

সারাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:০১

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

ছবি: সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানালেও প্রহসনের অংশ হতে না চাওয়ায় ভোট দেননি বলে নিজের অবস্থান তুলে ধরেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এই সংসদ সদস্য সরাইলের গ্রামের বাড়িতে এ কথা বলেন।

তিন কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনে যদি অনিশ্চয়তা না থাকে, তাহলে সেটাকে নির্বাচন বলা যায় না; সেটা মনোনয়ন। দেশের সবাই জানতেন এ ভোটের ফলাফল কী হবে। সুতরাং এটাকে আমি নির্বাচন বলতেই চাই না।

এক সময় বিএনপির রাজনীতি করা এই স্বতন্ত্র সংসদ সদস্য দ্বিতীয় কারণটি বলেন, ৭০ অনুচ্ছেদ নিয়ে আমাদের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম হচ্ছে যে ৭০ অনুচ্ছেদকে ‘অ্যাজ ইট ইজ’ রাখব না। দলের সদস্যরা দল করলেও তারা চাইলে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কিন্তু আমরা দেখলাম বারবার সতর্ক করা হল যে বিএনপির যারা সংসদ সদস্য আছেন, তারা দলের বাইরে কোনোভাবেই ভোট দিতে পারবেন না। যদি তারা ভোট দেন, তাহলে তাদের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। তাহলে ৭০ অনুচ্ছেদ নিয়ে বড় বড় কথা কী দরকার ছিল?

রুমিন ফারহানা বলেন, ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে আমরা এখনই ৭০ অনুচ্ছেদটা সংশোধন করব এবং সদস্যরা চাইলে দলের বাইরে ভোট দিতে পারবেন। তাহলে এই ভোটে তাদের সেই অধিকার দেওয়া হল না কেন?

তৃতীয় কারণ হিসেবে রুমিন ফারহানা বলেন, আমরা সকল দল মিলে একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি মনোনয়ন দিতে পারতাম। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য যেটা ২০১৬ সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছিলেন একটা ভারসাম্য আনা হবে। যেটি বিএনপির ৩১ দফাতেও আছে। সেগুলো নিয়ে কিন্তু আমরা কোনোরকম কোনো কথা শুনি না। তাই সকল কিছু দেখে আমার মনে হয়েছে আমি এই প্রহসনের অংশ হতে চাচ্ছি না।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন