Logo

সারাদেশ

মাধবপুরে মোবাইল চোরের শাস্তি ২০০ রাকাত নামাজ

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ২১:২১

মাধবপুরে মোবাইল চোরের শাস্তি ২০০ রাকাত   নামাজ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে মোবাইল চুরির অভিযোগে এক যুবককে আটক করে ২০০ রাকাত নফল নামাজ আদায়ের শাস্তি দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ব্যতিক্রমী এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াপাড়া বাজারে মোবাইল চুরির অভিযোগে ওই যুবককে স্থানীয় কয়েকজন আটক করেন। খবর ছড়িয়ে পড়লে তাকে দেখতে বাজারে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে আটক যুবককে মারধর না করে সংশোধনের সুযোগ দেওয়ার কথা বলে ২০০ রাকাত নফল নামাজ আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয় বলে স্থানীয়রা জানান।

আটক যুবক মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাশপাড়া গ্রামের বাসিন্দা এবং তিনি তাজু মিয়ার ছেলে। স্থানীয় কয়েকজনের অভিযোগ, এর আগেও তিনি মোবাইল চুরির সঙ্গে জড়িত ছিলেন। তবে তার বিরুদ্ধে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এদিকে, ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে অল্প সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে কেউ ঘটনাটিকে ইতিবাচক হিসেবে দেখলেও অনেকে আইন নিজের হাতে তুলে নেওয়ার সমালোচনা করেছেন।

স্থানীয় ব্যবসায়ী মনির মিয়া বলেন, “চুরির অভিযোগে আটক যুবককে মারধর না করে ধর্মীয় ইবাদতের মাধ্যমে সংশোধনের সুযোগ দেওয়ার উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল মোস্তাফা সুহেল বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না। তবে তারা কাজটি ঠিক করেনি। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে পুলিশের কাছে তুলে দেওয়া উচিত। নিজের হাতে আইন তুলে নেওয়া ঠিক নয়।”

হবিগঞ্জ জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সাজিদুর রহমান বলেন, “বিচার করার এখতিয়ার বিচার বিভাগের। সাধারণ মানুষ নিজেরা আইন হাতে নিয়ে বিচার করতে পারে না। কোনো অপরাধের অভিযোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা উচিত।”

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না। খবর নিয়ে জানতে হবে আসলে কী হয়েছে।”

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা চলছে। একই সঙ্গে অপরাধের অভিযোগে কাউকে আটক করা হলে আইন নিজের হাতে না নিয়ে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন