Logo

সারাদেশ

ভৈরবে সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১২:৪৭

ভৈরবে সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন সৈকতকে (৪১) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে পৌর শহরের টিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল আমিন সৈকত পৌর শহরের আড়াই ব্যাপারি বাড়ির মৃত জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার রাত ১২টার দিকে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন সৈকত। পথে তিন থেকে চার জন দুর্বৃত্ত পথরোধ করে তার ওপর অতর্কিত হামলা চালায়। সৈকতকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয়রা আহত সৈকতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথেই সৈকতের মৃত্যু হয়।

চাচাতো ভাই আরাফাত হোসেন বড় মিয়া বলেন, আল আমিনের পারিবারিক দ্বন্দ্বের পাশাপাশি রাজনৈতিক শত্রুতাও থাকতে পারে। তবে কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা এখনই বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, সৈকত ভৈরব বাজারের একজন প্রতিষ্ঠিত সার ও ধান ব্যবসায়ী ছিলেন। তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক। যুবলীগের ভৈরব পৌর শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন তিনি। 

নিহতের শ্যালক বাকী বিল্লাহ বলেন, রাত ১২টার দিকে গোপাল জিউর মন্দিরের সামনে ছিলেন আল আমিন সৈকত। এসময় অচেনা কয়েকজন অতর্কিতভাবে তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বর্তমানে মরদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

ভৈরব শহর ফাঁড়ির এসআই নুরুল হুদা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও সৈকতকে পাওয়া যায়নি। পরে তার মৃত্যুর খবর জানা গেছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ ভৈরবে আনা হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন