ভূঞাপুরে সরকারি ঔষধ যমুনায় ফেলতে গিয়ে আটক
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ২০:৫২
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আনা বিপুল পরিমাণ সরকারি ঔষধ যমুনা নদীতে ফেলার সময় একটি পিকআপ আটক করেছেন স্থানীয়রা।
বুধবার দিবাগত রাতে ভূঞাপুরের গোবিন্দাসী টি-রোড এলাকায় পিকআপটি আটক করে জনতা। পরে পুলিশ খবর পেয়ে ঔষধসহ গাড়িটি নিজেদের হেফাজতে নেয়।
স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ বস্তায় করে পিকআপে তোলা হয়। পরে সেগুলো গোবিন্দাসী যমুনা নদীর দিকে নিয়ে যাওয়া হচ্ছি ল। গোবিন্দাসী টি-রোড এলাকায় স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা পিকআপটি থামিয়ে তল্লাশি করে বস্তায় সরকারি ঔষধ দেখতে পান । খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওষুধসহ গাড়ি ও গাড়ির চালককে আটক করে ।
স্থানীয়দের ধারণা, হাসপাতালের রোগীদের মধ্যে বিতরণ না করা এসব ঔষধের একটি অংশ মেয়াদোত্তীর্ণ হওয়ায় সেগুলো নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছি ল। তবে ঔষধগুলো মেয়াদোত্তীর্ণ কি না এবং কেন সেগুলো নদীতে নেওয়া হচ্ছিল, তা নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পিকআপচালক আজমত বলেন, বাবুল নামের এক ব্যক্তি হাসপাতাল থেকে গোবিন্দাসী এলাকায় বস্তাগুলো নিয়ে যাওয়ার জন্য তাঁর পিকআপ ভাড়া করেন। বস্তাগুলোর ভেতরে কী ছিল, তা আমি জানি না।
ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নয়িম মোহাম্মদ সোহেল জানান, কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে ।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, স্থানীয়দের হাতে আটক হওয়া পিকআপ ভর্তি ঔষধ ও চালককে থানা হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিকে/মান্নান

