Logo

সারাদেশ

ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১২:১৫

ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসানহাটি গ্রামের বাসিন্দা এনায়েত মোল্লার ছেলে চয়ন মোল্লা (২০), একই গ্রামের দলিল উদ্দিনের ছেলে নয়ন (২০) ও আজগার শেখের ছেলে সিয়াম ওরফে সজিব (২২)।

প্রত্যক্ষদর্শী আব্দুল বাতেনসহ স্থানীয়রা জানান, সন্ধ্যায় নওপাড়া বাসস্ট্যান্ডে তার কয়েকজন চা খাচ্ছিলেন। এসময় হটাৎ বিকট আওয়াজ শুনে সড়কের দিকে তাকাতেই দেখতে পান, একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়ে আছেন তিনজন যুবক। সঙ্গে সঙ্গে তারা দৌড়ে গিয়ে দেখতে পান মোটরসাইকেল চালকের মাথায় গুরুতর আঘাতে মাথার মগজ বের হয়ে গেছে। এর কিছু সময়ের মধ্যেই নিথর হয়ে পড়েন তিনি।

আহতদের মধ্যে দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা।

ভাঙ্গা জরুরি বিভাগের চিকিৎসক আকতার হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন গুরুতর আহত হন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকায় নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, অজ্ঞাত বাস ও  মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন ও মোটরসাইকেলে থাকা আহত আরও দুই যুবককে ঢাকায় নেওয়ার পর তাদের মৃত্যু হয়। 

ওসি আরও জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন