Logo

সারাদেশ

রক্ষা পেল ৬৫০ বিঘা ফসলি জমি

আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে ৫০০ ফুট খাল পরিষ্কার

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১২

আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে ৫০০ ফুট খাল পরিষ্কার

ছবি: সংগৃহীত

যশোরের কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী সাগরদাঁড়ীতে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে প্রায় ৫০০ ফুট দীর্ঘ একটি খাল পরিষ্কার করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) খালটি পরিষ্কারের কার্যক্রম শেষ নয়। এর ফলে পানি নিষ্কাশন স্বাভাবিক হয়ে কাদার বিল এলাকার প্রায় ৬০০ থেকে ৬৫০ বিঘা ফসলি জমি জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পেয়েছে।

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়ীর কপোতাক্ষ নদের পার্শ্ববর্তী ২ নম্বর সাগরদাঁড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাদার বিল এলাকায় চলতি মৌসুমে বিপুল পরিমাণ জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। অতিবৃষ্টির কারণে খালের সরু মুখ দিয়ে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছিল। এর সঙ্গে খালে কলমি শাক, কচুরিপানা, শ্যাওলা, ঘাস ও বিভিন্ন ময়লা-আবর্জনা জমে পানি চলাচলের পথ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিস্তীর্ণ ফসলি জমিতে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দেয়।

এ পরিস্থিতিতে ২ নম্বর সাগরদাঁড়ী ইউনিয়নের আনসার প্লাটুন কমান্ডার ও স্থানীয় দলনেতা মো. ইয়াছিন আলীর উদ্যোগে আনসার ও ভিডিপি সদস্যরা স্বেচ্ছাশ্রমে খালে নেমে জলজ আগাছা ও ময়লা-আবর্জনা অপসারণ করেন। দীর্ঘ প্রায় ৫০০ ফুট খাল পরিষ্কারের মাধ্যমে পানি নিষ্কাশনের পথ সচল করা হয়। জনকল্যাণমূলক এ কার্যক্রমে আনসার ও ভিডিপি সদস্যরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে অংশ নেন।

খাল পরিষ্কারের পর পানি নিষ্কাশন স্বাভাবিক হওয়ায় প্রায় ৬০০ থেকে ৬৫০ বিঘা ফসলি জমি সম্ভাব্য জলাবদ্ধতার ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। এতে আমন ধান চাষে কৃষকদের সম্ভাব্য ক্ষয়ক্ষতির আশঙ্কাও অনেকাংশে দূর হয়েছে। কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা ও কৃষিবিষয়ক পরামর্শ প্রদান করেন ২ নম্বর সাগরদাঁড়ী ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ নূর ইসলাম।

বাহিনীর ডিজিটাল মোতায়েন কার্যক্রম STDMS এর আওতায় এ ধরনের স্বেচ্ছাসেবার ডাটাবেইজ রেকর্ড অন্তর্ভূক্তি বাহিনীর কার্যক্রমে দেশসেবার মানসিকতা আগামীতে গণপ্রতিরক্ষায় নবদিগন্ত উন্মোচিত করবে।

স্থানীয় জনদুর্ভোগ লাঘব, কৃষি ও পরিবেশ সুরক্ষা এবং জনকল্যাণে স্বেচ্ছাশ্রমের এমন উদ্যোগের মাধ্যমে আনসার ও ভিডিপি সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন