Logo

সারাদেশ

ঈশ্বরদী শহরজুড়ে বেওয়ারিস কুকুর

Icon

এস এম রাজা, ঈশ্বরদী

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮

ঈশ্বরদী শহরজুড়ে বেওয়ারিস কুকুর


ঈশ্বরদী পৌর এলাকায় দিন দিন বেড়েই চলেছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। শহরের বিভিন্ন সড়ক, বাজার, পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণ স্থানে দলবেঁধে ভয়ংকর রূপ ধারন করে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য কুকুর। এতে চরম আতঙ্ক ও ভোগান্তির মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে শিশু, স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী ও বয়স্কদের চলাচল হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের তুলনায় সন্ধ্যার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। দলবেঁধে কুকুর রাস্তায় অবস্থান নেওয়ায় পথচারীদের অনেক সময় ভয়ে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে। মোটরসাইকেল ও সাইকেল আরোহীদের পেছনেও কুকুর ধাওয়া করার অভিযোগ রয়েছে।

শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, রাস্তার পাশে ও আবাসিক এলাকার আশপাশে দলবদ্ধভাবে কুকুর অবস্থান করছে। খাবারের সন্ধানে এসব কুকুর ছড়িয়ে পড়ছে বাজার ও আবাসিক এলাকাতেও। অপরিকল্পিতভাবে ফেলে রাখা ময়লা-আবর্জনা ও উন্মুক্ত বর্জ্যস্তূপও কুকুরের সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করছেন স্থানীয়রা।

পথচারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে আলোচনা হলেও বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে ঈশ্বরদী পৌর কর্তৃপক্ষের দৃশ্যমান ও কার্যকর কোনো কর্মসূচি চোখে পড়ছে না। ফলে দিন দিন মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “সন্ধ্যার পর শিশুদের একা বাইরে পাঠাতে ভয় লাগে। রাস্তায় দলবেঁধে কুকুর থাকলে অনেক সময় আমাদেরও দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়।”

আরেক ব্যবসায়ী বলেন, “কুকুরের সংখ্যা অনেক বেড়েছে। পৌরসভা যদি  কুকুর নিয়ন্ত্রণে কার্যকরী উদ্যোগ নেয়, তাহলে পরিস্থিতির উন্নতি হতে পারে।”

তবে কুকুর নিধন আইনগতভাবে গ্রহণযোগ্য সমাধান নয়। এর পরিবর্তে বিশেষজ্ঞ ও স্থানীয়দের মতে, বেওয়ারিশ কুকুরকে টিকাদানের আওতায় আনা, বন্ধ্যাকরণ (ঈঘঠজ) কর্মসূচি গ্রহণ, অসুস্থ বা আক্রমণাত্মক কুকুর শনাক্তকরণ এবং শহরের বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা জরুরি। ঈশ্বরদীতে ২০২৩ সালেও বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ে সংবাদ প্রকাশ হয়েছিল এবং তখনও কুকুর নিধনের পরিবর্তে ভ্যাকসিনেশনের কথা বলা হয়েছিল।

স্থানীয়দের দাবি, জননিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে ঈশ্বরদী পৌরসভা, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের সমন্বয়ে দ্রুত একটি কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করা হোক।

পৌরবাসীর প্রশ্ন—মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে আর কতদিন অপেক্ষা করতে হবে?

সচেতন নাগরিকদের প্রত্যাশা, কুকুর নিধন নয়; বরং মানবিক ও আইনসম্মত পদ্ধতিতে বেওয়ারিশ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ, টিকাদান এবং পরিচ্ছন্ন বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ঈশ্বরদী পৌরবাসীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এবিষয়ে কথা বলার জন্য পৌর প্রশাসক ও পৌর নির্বাহী অফিসারকে ফোন করলে ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন