টাঙ্গাইলে নারীকে উত্ত্যক্তের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৪
টাঙ্গাইলের বাসাইলে এক নারীকে আপত্তিকর অঙ্গভঙ্গি করায় মারুফ মিয়া (২৪) নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২শ’ টাকা জরিমানা করা হয়। বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মারুফ মিয়া টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাকরাইদ গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, উপজেলার কাশিল ইউনিয়নের বাথুলী সাদী এলাকার এক নারীকে আপত্তিকর অঙ্গভঙ্গি করার অপরাধে মারুফ মিয়াকে আটক করে পুলিশ। পরে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মারুফ মিয়া উত্ত্যক্তের কথা স্বীকার করায় আদালত এ রায় দেন। দণ্ডাদেশের পর মারুফ মিয়াকে পুলিশি হেফাজতে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ বলেন, নারী উত্ত্যক্ত ও ইভ টিজিংয়ের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান থাকবে।
বিকে/মান্নান

