টাঙ্গাইলে মায়ের ছুরিকাঘাতে শিশুপুত্রকে হত্যা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭
টাঙ্গাইলের সখীপুরে ছুরিকাঘাতে আশরাফুল ইসলাম (সাড়ে ৩) নামে এক শিশুপুত্রে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে । এ ঘটনায় তার ৯ বছরের বোন সিরজাতুন গুরুতর আহত হয়। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের খালিয়ারবাইদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম ওই এলাকার বাসিন্দা শাহীন আলমের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে আকলিমা আক্তার ঘরে থাকা কেক কাটার একটি ধারালো ছুরি দিয়ে তার দুই সন্তানকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে শিশু আশরাফুল ও সিরজাতুন গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। তাদের আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে।
পরে পরিবারের সদস্যরা দ্রুত দুই শিশুকে ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আশরাফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সিরজাতুনের অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
এ ব্যাপারে সখীপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে। এ ঘটনায় মামলা ও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিকে/মান্নান

