শহীদ সৈয়দ নজরুল মেডিকেলে আধুনিক চিকিৎসাসেবার দাবি
আব্দুর রউফ ভূঁইয়া. কিশোরগঞ্জ
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৬
চিকিৎসক ও জনবল সংকট নিরসনের পাশাপাশি আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে ক্যাথল্যাব, এমআরআই, ডায়ালাইসিস মেশিনসহ প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং নতুন কয়েকটি বিভাগ চালুর দাবি জানিয়েছে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার সকালে হাসপাতালের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে হাসপাতালের বর্তমান সংকট, চিকিৎসাসেবার চাহিদা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দিন দিন রোগীর চাপ বাড়লেও প্রয়োজনের তুলনায় চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল অপ্রতুল। ফলে চিকিৎসাসেবা আরও আধুনিক ও গতিশীল করতে জনবল বৃদ্ধির পাশাপাশি হাসপাতাল অটোমেশন কার্যক্রম জোরদার এবং হৃদরোগীদের জন্য ক্যাথল্যাব স্থাপনের প্রয়োজন রয়েছে।
হাসপাতালে বর্তমানে তিন শিফটে ডায়ালাইসিস কার্যক্রম পরিচালিত হলেও প্রায় ২০০ রোগী ডায়ালাইসিসের অপেক্ষায় রয়েছেন বলে জানানো হয়। এ অবস্থায় ডায়ালাইসিস মেশিনের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এ ছাড়া উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এমআরআই, সি-আর্ম, এন্ডোস্কোপি, কলোনোস্কপি ও ল্যাপারোস্কোপিক মেশিনসহ বিভিন্ন আধুনিক চিকিৎসা সরঞ্জামের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
চিকিৎসাসেবার পরিধি আরও বাড়াতে বার্ন ইউনিট, ইউরোলজি, নিউরোসার্জারি ও পৃথক ইমার্জেন্সি বিভাগ চালুর প্রয়োজনীয়তাও তুলে ধরে হাসপাতাল কর্তৃপক্ষ।
অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নেও বেশ কিছু দাবি জানানো হয়। এর মধ্যে হাসপাতালের জন্য ডেডিকেটেড বিদ্যুৎ লাইন, স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, আনসার সদস্য বৃদ্ধি, হাসপাতাল ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং হাসপাতালের সামনের সড়ক প্রশস্ত করার বিষয়গুলো উল্লেখ করা হয়।
‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকরা হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের বিভিন্ন ভোগান্তি, জনবল সংকট এবং এসব সমস্যা সমাধানে কর্তৃপক্ষের পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। কর্তৃপক্ষ সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন এবং হাসপাতালের উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ইসলাম। বক্তব্যে তিনি হাসপাতালের বর্তমান চাহিদা, চিকিৎসাসেবার সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মজিবর রহমান, ডা. আতাউর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইদুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কিশোরগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষের প্রত্যাশা, প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা গেলে কিশোরগঞ্জসহ আশপাশের জেলার বিপুলসংখ্যক মানুষের জন্য উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে।
বিকে/মান্নান

