Logo

সারাদেশ

মানিকগঞ্জে ওসির বদলিতে ব্যতিক্রমী বিদায়

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

মানিকগঞ্জে ওসির বদলিতে   ব্যতিক্রমী বিদায়


থানার ভেতর ফুল দিয়ে গাড়ি প্রস্তুত তবে কোনো নতুন জামাইয়ের বরযাত্রীর জন্য গাড়ির সাজসজ্জা নয়। বরং থানার ওসির বিদায়ের জন্য প্রস্তুত একটি গাড়ি। যে গাড়িতে চরে বিদায়ী ওসি চলে যাবে তার নতুন গন্তব্যে। মানিকগঞ্জের হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বদলীর খবরে চরাঞ্চল ও প্রত্যন্ত অঞ্চল থেকে মোরগ, হাঁস ও পেঁপে, লাউ সহ ফুলের মালা ও ফুলের তোরা নিয়ে হাজির থানাতে। আবার ফুল দিয়ে সাজানো হয়েছে গাড়ি, থানা চত্বরে ভিড় জনসাধারণের। থানায় যেনো আজ এক অন্যরকম পরিবেশ।

বুধবার বেলা ১১ ঘটিকায় হরিরামপুর থানা প্রাঙ্গণে বিদায়ী ওসিকে বিদায় এবং নবাগত ওসিকে স্বাগত জানাতে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা বয়সী নারী-পুরুষ অংশ নেন এবং বিদায়ী ওসি আফজাল হোসেনের প্রতি ভালোবাসা প্রদর্শন করেন।

জানা যায়, ৯ মাস ১৫ দিন আগে নরসিংদী থেকে বদলি হয়ে মানিকগঞ্জের হরিরামপুর থানায় যোগদান করেন ওসি আফজাল হোসেন। এ সময় মাদক সন্ত্রাসসহ বিভিন্ন ক্ষেত্রে ওসির কর্মকাণ্ড উপজেলা পর্যায়ে আলোচিত হয়। গত এক সপ্তাহ আগে পুলিশ হেডকোয়ার্টার থেকে পুনরায় নরসিংদীতে বদলির আদেশ দেওয়া হয়।

সরকারি চাকরি বদলি হবে এটাই স্বাভাবিক। এমন ভারপ্রাপ্ত কর্মকর্তার বদলিতে কষ্ট পেয়েছে হরিরামপুরের জনসাধারণ। তাইতো বদলি হওয়ার খবরে নিজেদের সামর্থ্য অনুসারে কিছু দিতে পেরে সন্তুষ্ট প্রকাশ করেন অনেকেই। কেউ নিয়ে এসেছে লাউ,কলা,ডিম কেউ নিয়ে এসেছে হাঁস ও মুরগি। বিদায়ী ওসির জন্য ভাড়া করা গাড়ি সাজানো হয়েছে ফুল দিয়ে, দেখে যেনো মনে হবে এটি কোনো নতুন জামাইয়ের জন্য প্রস্তুত করা বরযাত্রীর গাড়ি।

স্থানীয়রা জানান, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই চরাঞ্চলে ডাকাতের আক্রমণ থেমে গেছে। মাদক ব্যবসায়ী,চাঁদাবাজ ও ভূমিদস্যুদের কাছে আতঙ্কের নাম ছিল এই ওসি।তার বদলিতে কষ্ট পেয়েছে হরিরামপুরের জনসাধারণ।

সংবর্ধনা সভায় এম এ রাজ্জাক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওসমান আলী বলেন, ওসি আফজাল হোসেন সুন্দরভাবে হরিরামপুরকে পরিচালনা করেছেন। তিনি একজন সৎ ও নামাজি মানুষ। তিনি প্রতিদিন সকালে হাঁটার ছলে বিভিন্ন এলাকায় গিয়ে তদারকি করেছেন। কোন এলাকার কি অবস্থা তা সরজমিনে তদন্ত করে সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন।

নবাগত ওসি জে ও এম তৌফিক আজম বলেন, আমাদের বদলির চাকরি৷ আজ এখানে, কাল অন্যখানে। আমি আফজাল হোসেনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আগের ওসির মতো আমিও হরিরামপুর বাসীর কাছে সহযোগিতা চাই। 

এ সময় সংক্ষিপ্ত বিদায় অনুষ্ঠানে মাদক সন্ত্রাসসহ থানা এলাকার জনগণকে সচেতন থাকার জন্য অনুরোধ জানান বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আফজাল হোসেন এবং হরিরামপুরবাসির এমন আয়োজন দেখে তিনি আবেগাপ্লুত হয়ে যান।

এর আগে মঙ্গলবার  হরিরামপুর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে জে ও এম তৌফিক আজম দায়িত্ব গ্রহণ করেন। এর পরদিন আজ বিদায়ী ওসিকে আনুষ্ঠানিক বিদায় এবং নবাগত ওসিকে স্বাগত জানাতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সাধারণ মানুষের পাশাপাশি উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

 যেখানে অনেক জনসাধারণ পুলিশকে দেখতে পারে না,সেখানে একটি থানার ওসির জন্য এমন বিদায় অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে ধারণা সচেতন মহলের ।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন