Logo

সারাদেশ

রাঙ্গামাটিতে অগণতান্ত্রিক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

Icon

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৪

অ
রাঙ্গামাটিতে অগণতান্ত্রিক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

পার্বত্য চট্টগ্রাম চুক্তি লঙ্ঘন, একতরফা ও অগণতান্ত্রিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বরাবরে রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মিস নাজমা আশরাফীর মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

রবিবার সকাল ১০টা থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রামের সর্বস্তরের নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে “পার্বত্য চট্টগ্রাম চুক্তি পরিপন্থী প্রতিমন্ত্রী মানি না মানব না”, “পার্বত্য প্রতিমন্ত্রী পদ থেকে জনাব মীর হেলাল কে প্রত্যাহার কর” এবং “মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রেইনবো নেশন রূপকল্প বাস্তবায়ন চাই”সহ বিভিন্ন দাবি ও স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।

অবসরপ্রাপ্ত উপসচিব প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে এবং বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক ইন্টুমনি তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতিকর্মী শ্রী শিশির চাকমা।

এ সময় আরো বক্তব্য রাখেন সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি ভবতোষ দেওয়ান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার সহ-সভাপতি স্বপন মল্লিক, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার সহ-সভাপতি লুমা লুসাই, বিলাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেমা চাকমা এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও সাবেক জেলা মৎস্য কর্মকর্তা ইন্দুলাল চাকমা।

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে উপেক্ষা করে এবং স্থানীয় জনগণের মতামত না নিয়ে গৃহীত যেকোনো একতরফা সিদ্ধান্ত পার্বত্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে বিনষ্ট করছে। তারা এসব আইনবহির্ভূত পদক্ষেপ বন্ধ করে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ ও যথাযথ বাস্তবায়নের দাবি জানান।

মানববন্ধন ও সমাবেশ শেষে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বরাবরে রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মিস নাজমা আশরাফীর মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— জনাব মীর হেলাল উদ্দিনকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্য বিভাগে পদায়ন করা এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী কোনো অ-উপজাতীয়কে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে নিয়োগ না দেওয়া।

এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মীর হেলাল উদ্দিনকে তিন পার্বত্য জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সার্বিক সরকারি কার্যাবলীর তদারকি ও সমন্বয়ের অতিরিক্ত দায়িত্ব থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে রাজনৈতিকভাবে সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট পক্ষসমূহের সঙ্গে আলোচনা ছাড়া গঠিত বিতর্কিত তিনটি কমিটি— জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও পরামর্শক কমিটি— বাতিল এবং সরকারের উচ্চ পর্যায়ের বিদ্যমান তিনটি কমিটি— উপদেষ্টা কমিটি, চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটি এবং শরণার্থী টাস্কফোর্স— যথাযথভাবে পুনর্গঠনের দাবি জানানো হয়।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি লঙ্ঘন, একতরফা ও অগণতান্ত্রিক কর্মকাণ্ডের প্রতিবাদে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে একযোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে রাঙ্গামাটিতে মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বরাবরে রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মিস নাজমা আশরাফীর মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

এছাড়া পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করে তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিও জানানো হয়।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন