খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে কেসিসি’র ধারাবাহিক কার্যক্রম অব্যাহত আছে। একইসাথে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক তিন মাসের বিশেষ কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে। তারপরও ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস এবং বাড়ির মালিকদের নিজ নিজ আঙিনা নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখা এবং অব্যবহৃত জায়গায় প্রয়োজনমত বৃক্ষরোপণের আহবান জানান।কেসিসি প্রশাসক আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর পল্লীমঙ্গল উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান। প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির আওতায় স্কুল কর্তৃপক্ষ এ কর্মসূচির আয়োজন করে।স্কুলের পরিচ্ছন্ন পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করে প্রশাসক আরো বলেন, মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সুন্দর পরিবেশ নিশ্চিত করতে নতুন ভবন তৈরী এবং জরাজীর্ণ ভবন অপসারণে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। তিনি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের যে কোন সমস্যা যথাসময়ে অবহিত করা এবং এ মহানগরীর শিক্ষার পরিবেশ উন্নত করার স্বার্থে সকলে ঐক্যবদ্ধ থেকে কাজ করার জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানান।স্কুল পরিচালনা কমিটির সভাপতি শেখ শাহীরাজ বুলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজসেবক নজরুল ইসলাম বাবু, মো: হাফিজুর রহমান মনি, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান সোহাগ, সরদার রবিউল ইসলাম রবি, নাহিদ মোড়ল, মোস্তফা জামান মিন্টু, ইমরান হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: হাতেম শেখ। স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীগণ এ সময় উপস্থিত ছিলেন।এর আগে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর ৭নং ওয়ার্ডের কাশিপুর যমুনা রোড সংলগ্ন এলাকায় কেসিসি কর্তৃক চলমান ক্রাশ প্রোগ্রাম পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময়কালে প্রশাসক বলেন, নগরবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন। উদ্ভুত বিপদ থেকে পরিত্রাণ পেতে কেসিসি একটি চ্যালেঞ্জ মোকাবেলা করছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাসহ লার্ভা ও মশক নিধনে জনবল বৃদ্ধি করে স্প্রে ও ফগার করা হচ্ছে। ইতোমধ্যে আটটি ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে জ্বরে আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। বৃহস্পতিবার খালিশপুর লাল হাসপাতালে আরো একটি ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হচ্ছে। কিন্তু ডেঙ্গু সংক্রমণ হ্রাসে আশানুরূপ ফল এখনো পাওয়া যায়নি। নগরবাসীকে সাথে নিয়েই এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে তিনি উল্লেখ করেন।কেসিসি’র ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা গাজী সালাউদ্দিন, মো: মোস্তাফিজুর রহমান মিঠু, সমাজসেবক এ্যাড. ফজলে হালিম লিটন, লিটন খান, কাজী শফিকুল ইসলাম শফি, আব্দুল লতিফ, জাকির হোসেন, শামসুর রহমান, মাহবুব আলম বাদশা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।সবুরণনেছা মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত ‘‘সামাজিক অবক্ষয় রোধে শিক্ষক সমাজের করণীয় এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি’’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।একজন রাজনৈতিক কর্মী হিসেবে এ শহরের প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে যে ধারণা তা হচ্ছে সকলে একযোগে কাজ করলে উদ্ভুত যে কোন সমস্যা সমাধান করা সহজ। ডেঙ্গু সংক্রমণ আমাদের জন্য তেমনই একটি সমস্যা। সকলে একযোগে কাজ করলে এ সংকট থেকে মুক্ত হওয়াও সহজ হবে।খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ বুধবার দুপুরে নগরীর গগন বাবু রোডস্থ সবুরণনেছা মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত ‘‘সামাজিক অবক্ষয় রোধে শিক্ষক সমাজের করণীয় এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি’’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। কলেজ কর্তৃপক্ষ এ আলোচনা সভার আয়োজন করে।সময়োপযোগী এ আয়োজনের জন্য তিনি কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আরো বলেন, শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার ওপর জোর দিয়েছেন। একই সাথে নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে পরিবারের যেমন দায়িত্ব রয়েছে তেমনি শিক্ষা প্রতিষ্ঠান এবং কেসিসি’রও দায়িত্ব আছে। সামাজিক অবক্ষয় রোধে কেসিসি এ বিষয়গুলি নিয়েও কাজ করছে। সকলে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসলে অনেক কঠিন কাজও সহজ হয়ে যাবে উল্লেখ করে তিনি সপ্তাহের প্রতি শনিবার শিক্ষাঙ্গন পরিচ্ছন্ন করা এবং সুবিধামত সময়ে নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিচ্ছন্ন করার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তাহলেই এই শহরও পরিচ্ছন্ন থাকবে। অনুষ্ঠানে তিনি লেখাপাড়ার মানোন্নয়ন এবং শিক্ষাঙ্গনে নিরাপদ ও শিক্ষামুখী পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।কলেজ পরিচালনা পর্ষদের সদস্য প্রফেসর শেখ জালাল উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সবুরণনেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু, কেসিসি’র সাবেক কাউন্সিলর মো: গিয়াস উদ্দিন বনি ও সমাজসেবক ইউসুফ হারুন মজনু। স্বাগত বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ মরিয়ম ছিদ্দীকা। কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এর আগে মঙ্গলবার রুপসা কারিতাস মিলনায়তনে সমুদ্র উপকূলীয় অঞ্চলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কেসিসি ও কারিতাসের উদ্যোগে নগদ অর্থ ও পানির ট্যাংক বিতরণ করেন।সকালে ছাদ ভিত্তিক সৌর বিদ্যুৎ স্থাপন ও জাতীয় গ্রিডের সরবরাহের লক্ষ্যে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। বিকেলে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে রবি বলার হান্ট প্রতিযোগিতায় বরিশাল বিভাগের সমাপনী অনুষ্ঠানে বিজয় দের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিকেলে নগর ভবনে জিআইডি মিলনায়তনে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর পদক্ষেপ গ্রহণ করেন এবং সভায় উপস্থিত সকলে মতামত ব্যক্ত করেন।
বিকে/মান্নান

