লক্ষ্মীপুর পৌর কাঁচামাল ও ফল ব্যবসায়ী সমিতির নির্বাচন
সভাপতি এমরান ও সম্পাদক আমির
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ২০:৩৫
ছবি: সংগৃহীত
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে লক্ষ্মীপুর পৌর কাঁচামাল ও ফল ব্যবসায়ী সমিতির নির্বাচন। সোমবার (৫ অক্টোবর) দিনব্যাপী ভোটগ্রহণের মধ্য দিয়ে ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটি গঠন করা হয়।
নির্বাচনে এমরান হোসেন সভাপতি এবং আমির হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি সেলিম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মানিক হোসেন, সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন, কোষাধ্যক্ষ আরিফ হোসেন, দফতর সম্পাদক জাবেদ হোসেন ও প্রচার সম্পাদক আজাদ হোসেন।
সোমবার সকাল থেকে দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির সদস্য ব্যবসায়ীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত করেন। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে নবনির্বাচিত কমিটির সদস্য ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
বিজয়ের পর নবনির্বাচিত সভাপতি এমরান হোসেন বলেন, ব্যবসায়ী ভাইয়েরা আমাকে যে আস্থা ও ভালোবাসা দেখিয়ে দায়িত্ব দিয়েছেন, এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমি সবার সহযোগিতা নিয়ে সমিতিকে আরও সুন্দর ও কার্যকরভাবে পরিচালনা করতে চাই।
আরও বলেন, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। ব্যবসায়ীদের ন্যায্য অধিকার, নিরাপদ ও সুন্দর ব্যবসার পরিবেশ নিশ্চিত করা এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখাই হবে নতুন কমিটির অন্যতম লক্ষ্য।
এ সময় তিনি নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সমিতির উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
নবনির্বাচিত কমিটির নেতারা জানান, ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখার পাশাপাশি সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে।
বাংলাদেশের খবর/আরইউ

