নিখোঁজ ২
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ২০:৪৪
ফাইল ছবি
কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও দুইজন।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যার দিকে কক্সবাজার মেরিন ড্রাইভের হিমছড়ি এলাকায় মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
নিহত ও নিখোঁজ পর্যটকেরা চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে কক্সবাজারে বেড়াতে আসা সাত বন্ধুর দলের সদস্য বলে জানা গেছে।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলাইমান তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার বিকালে কয়েকজন পর্যটক হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাগরের প্রবল স্রোতে তারা ভেসে যান। পরে স্থানীয় লোকজন অভিযান কয়েকজনকে উদ্ধার করে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তিন জনকে মৃত ঘোষণা করা হয়। এখনও নিখোঁজ রয়েছেন দুই পর্যটক। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, পর্যটকদের একটি দল সমুদ্রে গোসল করতে নেমে ঢেউ ও স্রোতের টানে ভেসে যায়। এসময় স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ আরেকজনকে উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে।
তিনি আরো জানান, উদ্ধার হওয়া পর্যটক রাকিবের (১৯) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা চলছে। নিখোঁজ পর্যটককে উদ্ধারে সংশ্লিষ্টরা অভিযান অব্যাহত রেখেছেন।
বাংলাদেশের খবর/আরইউ

