ফেনীতে পিআইবি'র আয়োজন
সাংবাদিকদের মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১৭:১৮
ছবি: সংগৃহীত
ফেনী জেলার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজন 'মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং' বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) এলজিইডি ফেনীর সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. মাহবুবউল করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক নুরুদ্দিন মোহাম্মদ শিবলী নোমান, এলজিইডি ফেনীর নির্বাহী প্রকৌশলী মো.আশরাফ জামিল।
সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ফরায়েজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোবারক হোসেন দুলাল, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি শাহজালাল ভূঞা, দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি নুরুল্লাহ কায়সার, দৈনিক বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজের জেলা প্রতিনিধি এম. এমরান পাটোয়ারী, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সদস্য রেহানা আলম মিতু প্রমুখ।
এতে ফেনী জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মাহবুবউল করিম বলেন, বর্তমান ডিজিটাল যুগে সাংবাদিকতার ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। মাল্টিমিডিয়া ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে খবরের বিশ্বাসযোগ্যতা ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ। গুজব ও অপতথ্য রোধে সাংবাদিকদের ফ্যাক্ট চেকিং কৌশল জানা অত্যন্ত জরুরি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে কীভাবে সাংবাদিকতার কাজে ইতিবাচকভাবে ব্যবহার করা যায়, সে বিষয়েও সাংবাদিকদের দক্ষ হয়ে উঠতে হবে।
প্রশিক্ষণ কর্মসূচিতে মাল্টিমিডিয়া সাংবাদিকতার বিভিন্ন দিক, এআই টুলসের ব্যবহার, মোবাইল সাংবাদিকতা, ভিডিও ও ছবি সম্পাদনা, ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি এবং ফ্যাক্ট চেকিংয়ের কৌশল নিয়ে আলোচনা ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি সাইবার নিরাপত্তা, সাংবাদিকতার নৈতিকতা ও পেশাগত দায়িত্ব-কর্তব্য সম্পর্কেও ধারণা দেওয়া হবে।
আয়োজকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্য যাচাই করে মানসম্মত সংবাদ ও প্রতিবেদন তৈরির সক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।
বাংলাদেশের খবর/আরইউ

