ফেসবুকে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার
প্রতিবাদে গাজীপুরে সাংবাদিকদের মানববন্ধন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১৯:৩৩
ছবি: সংগৃহীত
গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন স্থগিতের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। একই সঙ্গে নির্বাচনে কালো টাকা বিতরণের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং অবিলম্বে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন তারা।
বক্তারা বলেন, প্রেসক্লাবের অভ্যন্তরীণ অনিয়মের দায় সরকারের ওপর চাপিয়ে ফেসবুকে মিথ্যাচার ও অপপ্রচার চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় গাজীপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সাংবাদিক সমিতি গাজীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক সমিতির মহাসচিব দেলোয়ার হোসেন।
মানববন্ধনে বক্তব্য দেন গাজীপুর প্রেসক্লাবের সদস্য অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, মাজহারুল ইসলাম কাঞ্চন, আসাদুজ্জামান সাদ, খোরশেদ আলম, গোলাম রসুল দিনার ও হাফিজুর রহমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে দেলোয়ার হোসেন বলেন, গাজীপুর প্রেসক্লাবের নির্বাচনে একজন প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের টাকা ব্যবহার করে প্রকাশ্যে ভোট কেনার চেষ্টা করেছেন। এ ছাড়া নির্বাচন ঘিরে বিভিন্ন অনিয়মের বিষয়ে একাধিক প্রার্থী ও সাধারণ ভোটারদের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রেসক্লাবের গঠিত নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করেছে। এসব অভিযোগ তদন্তে ইতিমধ্যে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। ফলে নির্বাচন স্থগিতের প্রকৃত কারণ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, একজন প্রার্থী তার ফেসবুক আইডিতে নির্বাচন স্থগিতের পেছনে মন্ত্রণালয়ের নির্দেশ রয়েছে বলে প্রচার করেছেন। এটি সম্পূর্ণ মিথ্যাচার ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। প্রেসক্লাবের অভ্যন্তরীণ নির্বাচনসংক্রান্ত অনিয়মের বিষয়কে সরকারের ওপর চাপিয়ে দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার এমন অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
মানববন্ধন থেকে বক্তারা কালো টাকা বিতরণসহ নির্বাচনে উত্থাপিত সব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সব ধরনের অনিয়ম ও প্রভাবমুক্ত পরিবেশে অবিলম্বে গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন আয়োজনের দাবি জানান।
বাংলাদেশের খবর/আরইউ

