Logo

সারাদেশ

ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল

ঝাউবাগান, বালিয়াড়ি ও জীববৈচিত্র্য ধ্বংস করে বিচ কার্নিভাল

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ২১:১৬

অ
ঝাউবাগান, বালিয়াড়ি ও জীববৈচিত্র্য ধ্বংস করে বিচ কার্নিভাল

ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটন বিকাশ ও দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার নামে বিচ কার্নিভাল আয়োজনকে ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। তিন মাসব্যাপী এই আয়োজনের প্রস্তুতিতে সৈকতসংলগ্ন ঝাউবাগান ও বালিয়াড়ির ভেতরে ইটের রাস্তা, কংক্রিটের বিভিন্ন স্থাপনা নির্মাণ, গাছের গোড়ার মাটি ও শিকড় ক্ষতিগ্রস্ত হওয়া এবং কিছু গাছ কর্তনের অভিযোগ উঠেছে।

এতে উপকূলীয় পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা হুমকির মুখে পড়ার আশঙ্কা করছেন পরিবেশকর্মী, স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা।

যেখানে উপকূলীয় অঞ্চলে ঝাউবাগান সৃষ্টি ও সংরক্ষণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেখানে আগে থেকে সৃজন করা ঝাউবাগান ও প্রাকৃতিক বালিয়াড়ির ভেতরে মেলার আয়োজন কতটা যৌক্তিক—এমন প্রশ্ন এখন কক্সবাজারজুড়ে আলোচনার কেন্দ্রে। একই সঙ্গে তিন মাসব্যাপী মেলার প্রয়োজনীয়তা, দীর্ঘ সময় ধরে এর আকর্ষণ ধরে রাখা এবং স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন।

সরেজমিনে দেখা গেছে নির্মাণকাজ

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকার ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান 'স্পেলবাউন্ড কমিউনিকেশন' কক্সবাজারের পর্যটন বিকাশ ও দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে প্রায় ৩২ একর জায়গাজুড়ে বিচ কার্নিভালের প্রস্তুতি নিচ্ছে। দেশি-বিদেশি কারিগরদের মাধ্যমে বালিয়াড়িতে হাতিসহ বিভিন্ন ধরনের বালুর ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ভেতরে ইটের পাকা রাস্তা, ফ্লোর ও বিভিন্ন স্থাপনা নির্মাণের কাজ চলছে।

আয়োজনস্থলে শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মাধ্যমে সাধারণ মানুষের চলাচলও বাঁধা দিচ্ছে। তবে নির্মাণকাজের কারণে ঝাউবাগানের বিভিন্ন স্থানে গাছের গোড়া ও আশপাশের মাটি ক্ষতিগ্রস্ত হওয়ার চিত্র দেখা গেছে। কোথাও কোথাও গাছ কাটা এবং গাছের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে অভিযোগও উঠেছে।

স্থানীয়দের আশঙ্কা, কার্নিভাল শুরু হলে প্রতিদিন হাজার হাজার মানুষের পদচারণা হবে ঝাউবাগানের ভেতরে। গাছের নিচে রান্নাবান্না, আগুন জ্বালানো, রশি বেঁধে বিভিন্ন রাইড স্থাপন, পলিথিন ও অন্যান্য বর্জ্য জমার কারণে ঝাউবাগানের স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

তাদের মতে, ঝাউগাছের শিকড়ের আশপাশে কংক্রিটের ফ্লোর ও রাস্তা নির্মাণের ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বালিয়াড়ির প্রাকৃতিক গঠন নষ্ট হলে সৈকতের ভাঙন এবং উপকূলীয় এলাকার সুরক্ষা নিয়েও দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি হতে পারে।

পরিবেশসংশ্লিষ্টদের মতে, উপকূলীয় ঝাউবাগান ও বালিয়াড়ি কেবল সৌন্দর্যবর্ধনের উপাদান নয়; এগুলো উপকূলের প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থারও গুরুত্বপূর্ণ অংশ। ঝড়, জলোচ্ছ্বাস ও বালু সরে যাওয়ার প্রভাব মোকাবিলায় এসব প্রাকৃতিক প্রতিবেশের ভূমিকা রয়েছে।

তাই মেলার কারণে ঝাউবাগানে অতিরিক্ত মানুষের চাপ, বর্জ্য ব্যবস্থাপনার সংকট, গাছের গোড়ায় নির্মাণকাজ এবং বালিয়াড়ির স্বাভাবিক গঠন পরিবর্তিত হলে তার প্রভাব কতটা ভয়াবহ হতে পারে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়রা। প্রশ্ন উঠেছে, এই পরিবেশগত ক্ষতির দায় শেষ পর্যন্ত কে নেবে?

শৈবাল ঘিরে দখলের শঙ্কা, উঠছে পিপিপি প্রশ্নও

বিচ কার্নিভাল আয়োজনকে কেন্দ্র করে জনমনে আরও একটি প্রশ্ন দেখা দিয়েছে। মেলার নামে হোটেল শৈবাল ও এর আশপাশের বিশাল এলাকা ভবিষ্যতে কোনো বাণিজ্যিক স্বার্থে ব্যবহারের ক্ষেত্র তৈরি করা হচ্ছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন কেউ কেউ।

বিশেষ করে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে হোটেল শৈবাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার পরিকল্পনার বিষয়টি সামনে আসায় এ নিয়ে স্থানীয়দের উদ্বেগ আরও বেড়েছে। 

স্থানীয় ব্যবসায়ীদের ক্ষোভ: মেলা হোক উন্মুক্ত স্থানে

তিন মাসের প্রধান পর্যটন মৌসুমে বিচ কার্নিভাল আয়োজন স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

স্থানীয় বিচ ও আশপাশের এলাকার ব্যবসায়ী জিয়াউল হক, মিজান, নাজিম, হানিফ ও মুবারকসহ একাধিক ব্যবসায়ী জানান, সারা বছর তারা এই তিন মাসের পর্যটন মৌসুমের অপেক্ষায় থাকেন। এ সময় পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রি করে তাদের বড় একটি আয়ের সুযোগ তৈরি হয়।

তাদের ভাষ্য, ঢাকার একটি প্রতিষ্ঠান এসে হঠাৎ করে এমন একটি আয়োজন করায় স্থানীয় ব্যবসায়ীদের স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তারা বলেন, মেলা করতে হলে উন্মুক্ত কোনো জায়গায় করা হোক। ঝাউবাগান ও বালিয়াড়ি নষ্ট করে মেলার আয়োজন কেন করতে হবে? এতে আমাদের ব্যবসার ক্ষতি হবে, পাশাপাশি পরিবেশেরও বড় ক্ষতি হবে।

কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারী বলেন, কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিতব্য বিচ কার্নিভালের বাণিজ্যিক স্টল ও অন্যান্য স্থাপনা নির্মাণে জীববৈচিত্র্য ও প্রতিবেশ রক্ষা হচ্ছে কি না, তা তদারকি করা জরুরি। ৫০ একর ঝাউবাগান ঘিরে বিচ কার্নিভাল করার জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নেওয়া হয়েছে কি না, সেটিও পরিষ্কার হওয়া প্রয়োজন।

সমন্বয় বৈঠকের দাবি, আন্দোলনের হুঁশিয়ারি

কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন বলেন, মেলা শুরু হওয়ার আগে সার্বিক বিষয় নিয়ে কক্সবাজারের স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় বৈঠক করতে হবে। মেলার পরিকল্পনা, কার্যক্রম ও পরিবেশগত বিষয়গুলো আমাদের পরিষ্কারভাবে জানাতে হবে। কাজের বিস্তারিত ওয়ার্ক প্ল্যানও দিতে হবে।

তিনি আরও বলেন, পরিবেশবিধ্বংসী কোনো কর্মকাণ্ড আমরা বরদাশত করব না। শৈবালকে নিয়ে কোনো দেশি-বিদেশি ষড়যন্ত্র হলে আমরা কঠোর অবস্থানে যাবো। এটি কক্সবাজারবাসী ও পর্যটকদের জন্য ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থান। আমরা চাই, হোটেল শৈবাল কোনো বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ না দিয়ে সরকার নিজেই এর অবকাঠামোগত উন্নয়ন করুক।

আমার কক্সবাজারবাসীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বলেন, এই বিচ মেলা কক্সবাজারের পর্যটনের জন্য কোনো সুখবর বয়ে আনবে না। বরং সার্বিকভাবে ক্ষতির আশঙ্কা রয়েছে। এখনই যেভাবে ঝাউবাগানের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তিন মাস ধরে দর্শনার্থীদের পদচারণা চললে বাগানের স্বাভাবিক পরিবেশ টিকিয়ে রাখা কঠিন হবে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, মানুষের অতিরিক্ত চাপ ও বালিয়াড়ির ক্ষতির কারণে সৈকতের পাড় ভেঙে আশপাশের লোকালয়ে পানি প্রবেশের ঝুঁকি তৈরি হতে পারে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "একটি গাছও যদি কাটা বা নষ্ট করা হয়, তাহলে কক্সবাজারের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামব।"

কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি ও কক্সবাজার চেম্বার অব কমার্সের প্রধান উপদেষ্টা আবু মোর্শেদ চৌধুরী বলেন, পর্যটন বিকাশে বিচ কার্নিভালের প্রয়োজনীয়তা রয়েছে। তবে অতীতের মতো স্বল্প সময়ের জন্য আয়োজন করা হলে এর আকর্ষণ ও চাহিদা বেশি থাকত বলে তিনি মনে করেন। তিনি বলেন, "তিন মাসব্যাপী এই কার্নিভাল কতটা আমেজ ধরে রাখতে পারবে, তা নিয়ে আমার প্রশ্ন রয়েছে। তবে পরিবেশ ধ্বংস করে কোনো মেলা হতে পারে না। ঝাউবাগান, বালিয়াড়ি ও জীববৈচিত্র্য অক্ষুণ্ণ রাখতে হবে। অন্যথায় কক্সবাজারের মানুষ বিষয়টি মেনে নেবে না।

একই সময়ে দুই মেলা, বিপাকে বাণিজ্য মেলার আয়োজক

অন্যদিকে, একই সময়ে কক্সবাজার বাণিজ্য মেলা ও বিচ কার্নিভাল আয়োজনের সিদ্ধান্ত নিয়েও অসন্তোষ দেখা দিয়েছে। কক্সবাজার বাণিজ্য মেলার সমন্বয়ক সরওয়ার আলম বলেন, একই সময়ে পাশাপাশি দুটি মেলা আয়োজনের বিষয়টি খুবই সাংঘর্ষিক। সরকারকে প্রায় সাড়ে তিন কোটি টাকা অধিক দিয়ে আমরা বাণিজ্য মেলার আয়োজনের দায়িত্ব নিয়েছি। এখন এই টাকা কীভাবে তুলব, তা নিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি।

তার মতে, একই সময়ে দুটি বড় আয়োজন হলে দর্শনার্থী ও ক্রেতা বিভক্ত হওয়ার পাশাপাশি ব্যবসায়িক ক্ষতির আশঙ্কাও রয়েছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাংগঠনিক সম্পাদক এইচ এম নজরুল বলেন, মেলার নামে কোনো ঝাউগাছ কর্তন, নষ্ট কিংবা বালিয়াড়ি ধ্বংস করা হলে এর দায় সংশ্লিষ্টদের নিতে হবে। মেলার অন্তরালে অতীতের মতো শৈবালকে নিয়ে কোনো ষড়যন্ত্রের নীলনকশা আঁকা হচ্ছে কি না, সেটিও আমরা নজরদারিতে রাখবো। এ ধরনের কোনো কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে কক্সবাজারবাসীকে সঙ্গে নিয়ে আমারা মাঠে নামবো।

আয়োজক প্রতিষ্ঠানের দাবি, পরিবেশ অক্ষুণ্ণ রেখেই কাজ চলছে। অভিযোগের বিষয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান স্পেলবাউন্ড কমিউনিকেশনের কর্মকর্তা ভাস্কর বলেন, পরিবেশের বিষয়টি অক্ষুণ্ণ রেখেই কার্নিভালের শেষ সময়ের প্রস্তুতির কার্যক্রম চলছে। ইনশাআল্লাহ ক'দিনের মধ্যেই এটি আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

মেলার প্রস্তুতির জন্য গাছ কাটার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো গাছ কাটা হয়নি বলে দাবি করেন। তবে ঝাউবাগানের ভেতরে ইটের রাস্তা, কংক্রিটের ফ্লোর ও বিভিন্ন স্থাপনা নির্মাণের কারণে গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা এবং গাছের স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি।

ঝাউবাগানের ভেতরে মেলার আয়োজন না করে দরিয়ানগর, হিমছড়ি কিংবা অন্য কোনো উন্মুক্ত স্থানে আয়োজন করা হচ্ছে না কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রণালয় আমাদের যেখানে জায়গা দিয়েছে, সেখানে আমরা কাজ করছি। এসব বিষয়ে মন্ত্রণালয়কে জিজ্ঞেস করুন।

বাংলাদেশ পর্যটন করপোরেশন পরিচালিত হোটেল শৈবাল-এর ব্যবস্থাপক রায়হান উদ্দিন আহমেদ জানান, এগুলোর বিষয়ে বিস্তারিত জানতে চাইলে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করুন। 

কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক,খন্দকার মাহমুদ পাশা জানান,অফিসিয়াল ভাবেই তারা এই মেলা সম্পর্কে অআগত না। 

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্যাট তাজনীম জাহান (এডিএম) বলেন, পর্যটন কর্পোরেশন এর মাধ্যমে এই মেলা হচ্ছে,সুতরাং এ বিষয়ে তারা বিস্তারিত জানতে পারবে। তবে এই মেলা পর্যটন টানটে সহায়ক ভূমিকা রাখবে।

এ বিষয়ে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান জেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় হোটেল শৈবালকে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার পরিকল্পনার কথা জানান।

এদিকে,পর্যটননির্ভর কক্সবাজারের অর্থনীতি সচল রাখতে নতুন আয়োজন ও বিনোদন কার্যক্রমের প্রয়োজনীয়তা অস্বীকার করার সুযোগ নেই। তবে সেই আয়োজনের জন্য উপকূলের প্রাকৃতিক সম্পদ, ঝাউবাগান ও বালিয়াড়ি কতটা ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে, সেটিও বিবেচনায় নেওয়া জরুরি। বিশেষ করে তিন মাসব্যাপী এই আয়োজনের ক্ষেত্রে পরিবেশগত প্রভাব মূল্যায়ন, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন, গাছ ও বালিয়াড়ি সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং মেলা শেষে স্থাপনাগুলো অপসারণের বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

প্রশ্ন উঠেছে, পর্যটকদের আকৃষ্ট করতে গিয়ে যদি কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য ও উপকূলীয় সুরক্ষার অন্যতম অবলম্বন ঝাউবাগানই ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই উন্নয়নের সুফল কতদিন থাকবে? মেলা শেষে ক্ষতিগ্রস্ত পরিবেশ পুনরুদ্ধারের দায়িত্ব কে নেবে?

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন