‘সাফল্য ধরে রেখে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সতর্ক থাকতে হবে’
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১৬:৩৯
ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের অর্জিত সাফল্য ধরে রেখে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ।
তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশ এগিয়ে যাবে। তাই উচ্চশিক্ষার পথে নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করে স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফেনী হলি ক্রিসেন্ট স্কুলের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, ‘তোমরা আগামী দিনের স্বপ্ন, আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের বাংলাদেশ। তোমাদের মধ্য থেকেই বেরিয়ে আসবে রাষ্ট্রনায়ক, ব্যবসায়ী, চিকিৎসক, বুদ্ধিজীবী ও কীর্তিমান মানুষ। তোমাদের অনেক ধৈর্য ধরতে হবে, কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, পথ ভুললে চলবে না।’
উচ্চ মাধ্যমিকের পর শিক্ষার্থীদের জীবনে স্বাধীনতা ও নতুন অভিজ্ঞতার পরিসর বাড়বে উল্লেখ করে তিনি বলেন, এ সময় সতর্ক থাকতে হবে। সঠিক পথে থেকে পরবর্তী সাফল্য অর্জন করতে পারলে সামনে আরও বড় সুযোগ তৈরি হবে। ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়ে অর্জিত সাফল্যকে আরও উজ্জ্বল করার জন্য শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে হবে।
শিক্ষা ও দেশপ্রেমের সম্পর্ক তুলে ধরে বোর্ড চেয়ারম্যান বলেন, ভালোভাবে পড়াশোনা করে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান মানসম্মত ফলাফল ও শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে দেশ পিছিয়ে থাকবে না। শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রমের পাশাপাশি দেশের প্রতি ভালোবাসা, সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ ধরে রাখতে হবে।
তিনি আরও বলেন, দেশের মাটি ও মানুষের কাছে প্রত্যেকের ঋণ রয়েছে। দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও সেবার মাধ্যমে সেই ঋণ শোধ করা সম্ভব। শিক্ষার্থীরা নিজেদের সম্পদ হিসেবে গড়ে তুলতে পারলে জাতি তাদের কাছে উপকৃত হবে। অন্যথায় দেশ ও জাতির অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে।
অনুষ্ঠানে হলি ক্রিসেন্ট ফাউন্ডেশন ফেনীর সভাপতি হানিফ ভূঁইয়া মহসিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় উপপরিদর্শক কাজী আপন তিবরানী, ফেনী জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফী উল্যাহ এবং আলহাজ্ব কোব্বাদ আহম্মদ উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লুনা ফেরদৌস।
স্কুলের সিনিয়র শিক্ষক জাকির হোসেন রুবেল ও শহীদ হোসেনের যৌথ সঞ্চলনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত এসএসসি পরীক্ষায় হলি ক্রিসেন্ট স্কুল থেকে জিপিএ-৫ পাওয়া ৫০ শিক্ষার্থীকে ক্রেস্ট ও উপহার দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের খবর/আরইউ

