নববর্ষের আমেজ
কেরানীগঞ্জে জমে উঠেছে বিডিসির ৫ দিনব্যাপী বৈশাখী আবাসন মেলা
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১৮:২৩
ছবি: বাংলাদেশের খবর
ঢাকার কেরানীগঞ্জে বাংলা নববর্ষের আমেজে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী সাউথ টাউন বৈশাখী আবাসন মেলা। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন সাউথ টাউন আবাসিক প্রকল্পে বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি পিএলসির উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুরে সাউথ টাউন আবাসন প্রকল্পে আয়োজিত ওই মেলা পরিদর্শন করেন বাংলাদেশ ডেভেলপমেন্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) শামীম আহমেদ সিকদার, জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) আনোয়ার হোসেন, পরিচালক (সার্বিক) রেজাউল হক রেজা, সিনিয়র ম্যানেজার (ব্র্যান্ডিং ও প্রোমোশন) গোপাল মজুমদার, হাজি মো. ওহেদুজ্জামানসহ অন্য কর্মকর্তারা।
আয়োজকরা জানান, পহেলা বৈশাখকে ঘিরে ১৪ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত মেলায় যোগ করা হয়েছে বাড়তি আকর্ষণ। প্রথম দিনেই দর্শনার্থীদের জন্য ছিল পান্তা-ইলিশসহ নানা আয়োজন; যা মেলায় আগতদের মধ্যে ছড়িয়ে দেয় উৎসবের আমেজ।
মেলায় রয়েছে নাগরদোলা, চরকি, মুড়ি, মুড়কি, খইসহ বিভিন্ন ধরনের খাবারের সমাহার। শিশুদের জন্য রাখা হয়েছে দোলনা ও খেলনার ব্যবস্থা।
এ ছাড়া, মেলায় এক ছাদের নিচে ফ্ল্যাট ও প্লটসহ আবাসন সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা পাচ্ছেন দর্শনার্থীরা।
জ্যেষ্ঠ ব্যবস্থাপক (ব্র্যান্ডিং অ্যান্ড প্রোমোশন) গোপাল মজুমদার বলেন, পহেলা বৈশাখ-১৪৩৩ বাংলা নববর্ষ উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ ছাড়ে পাঁচ দিনব্যাপী এই আবাসন মেলা শুরু হয়েছে। মেলায় আকর্ষণীয় বুকিং অফার রাখা হয়েছে। মেলা চলাকালীন বুকিং দিলে প্রতি কাঠায় এক লাখ টাকা ছাড়, ফ্রি রেফ্রিজারেটর উপহার এবং শতভাগ প্রস্তুত প্লটের ক্ষেত্রে মূল্য পরিশোধের সঙ্গে সঙ্গে সাফ কবলা রেজিস্ট্রি, দখল ও হস্তান্তরের সুবিধা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি পিএলসির মার্কেটিং ম্যানেজার নজরুল ইসলাম জানান, এসব সুবিধার মাধ্যমে মধ্যবিত্ত ক্রেতাদের জন্য আবাসন কেনা আরও সহজ হবে। একই সঙ্গে স্বল্প সময়ে ঝামেলামুক্তভাবে জমি ও ফ্ল্যাট ক্রয়ের সুযোগ তৈরি হচ্ছে।
তিনি আরও জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। পহেলা বৈশাখ থেকে শুরু হয়ে বৈশাখের পঞ্চম দিন, অর্থাৎ ১৪ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত চলবে এই আবাসন মেলা। আয়োজকরা আশা করছেন, উৎসবমুখর পরিবেশে মেলাটি ক্রেতা ও দর্শনার্থীদের ব্যাপক সাড়া পাবে।
বাংলাদেশের খবর/আরইউ

